জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা হয়েছে। আজ ২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপসচিব মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার ছাড়াও বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, জেলা চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, হোটেল রেস্তঁরা মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ণ করেছে। তবে কেবল আইন দিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন হবে। এর জন্য ভোক্তা, উৎপাদক ও সরবরাহকারী, সবাইকে সৎ এবং সচেতন হতে হবে। বাংলাদেশ এখন তলাবিহনী ঝুড়ি নয়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের উন্নত দেশে পরিণত হতে হবে। এখন দরকার নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা। এখন মানসম্মত খাবারের কথা চিন্তা করতে হবে। কেউ অনিরাপদ খাদ্য উৎপাদন বা সরবরাহ করলে তার জন্য শাস্তির বিধান করা হয়েছে। কিন্তু সবাই সচেতন থাকলে আইন প্রয়োগের প্রয়োজন হবে না বলে তিনি মন্তব্য করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে উৎপাদক, পরিবেশক এবং প্রস্তুতকারকদের ভূমিকা রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আইন হয়েছে। সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান আছে। পুনর্বার একই অপরাধ করলে অতিরিক্ত দণ্ডেরও বিধান করা হয়েছে। অনেক নামিদামি কোম্পানির প্যাকেট নকল করে নকল পণ্য তৈরি হচ্ছে। এক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, কারও মনুষ্যত্ব থাকলে খাবারে দূষণ করবে না। নিরাপদ খাবার খেলে দেহ সুস্থ থাকবে, মনও সুস্থ সতেজ থাকবে। সবাই অনিরাপদ খাবার সরবরাহ করলে তারাও অন্য জায়গা থেকে অনিরাপদ খাবার পাবেন। কাজেই সবাইকে এ ব্যাপারে আন্তরিক হতে হবে বলে তিনি সতর্ক করে দেন।