ভৈরবে নামীদামী কোম্পানীর হুবহু মোড়কে অবৈধভাবে সরিষার তৈল বোতলজাত ও নকল করায় এবং একটি ফুড প্রোডাক্টস্ কারখানায় শিশু শ্রমের অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরিষার তৈল কারখানাটি সীলগালা করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে নকল সরিষার তৈল উৎপাদন কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। নরসিংদীর মদিনা সরিষার তৈলের নাম, লোগো ও হুবহু ঠিকানা সম্বলিত মোড়কে অবৈধভাবে নকল তৈল বোতলজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

এছাড়াও পদ্মা ফুড প্রোডাক্টস্ কারখানায় শিশু শ্রমের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব থানার এসআই মো. ইসমাইল হোসেন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, নরসিংদীর মদিনা সরিষার তৈল ভৈরবে নকল তৈরি হচ্ছে এমন অভিযোগে নকল কারখানটির সন্ধান পাওয়া যায়। এসময় নকল তৈল কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। এবং একটি বেকারীকে শিশু শ্রমের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।