ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবলের ২০ জন অনুর্ধ ১৫ খেলোয়াড়ের ৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এদের মধ্য থেকে ৩ জন জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে। বাকি ৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। নির্বাচিত ৩ জনকে একটি করে ফুটবল উপহার দেয়া হয়েছে। আর প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনকেই একটি করে সনদ প্রদান করা হয়েছে।
আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম তার বক্তব্যে বলেছেন, এক সময় ফুটবল খুবই জনপ্রিয় খেলা ছিল। এখন ক্রিকেট একটি জায়গা করে নিলেও এটি অল্প কয়েকটি দেশের খেলা। এখনও বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় খেলা ফুবলই। এখন বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট করে খেলোয়াড় তৈরি করা হচ্ছে। আগামী দিনে কিশোরগঞ্জ থেকেও ভাল মানের ফুটবলার তৈরি হতে পারে। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, খেলা শুধু শরীর সুস্থ রাখে না, মনকেও সুস্থ এবং সতেজ রাখে। লেখাপড়ায়ও সহায়ক ভূমিকা রাখে। কাজেই খেলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব। শিশুদেরকে খেলায় উদ্বুদ্ধ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন এবং কোচ, প্রাক্তন ফুটবলার ও রেফারিগণ।