• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ জেলায় ৫০ ভাগের বেশি মানুষ টিকা পেয়েছে

কিশোরগঞ্জ জেলায় ৫০
ভাগের বেশি মানুষ
টিকা পেয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৫০ ভাগের বেশি মানুষ টিকা পেয়েছে। জেলায় এখন জনসংখ্যা প্রায় ৩২ লাখ। এর মধ্যে রোববার পর্যন্ত প্রথম ডোজ নিয়েছে ১৭ লাখ ৩৬ হাজার ৭৮০ জন। এদের মধ্যে দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৬২৮ জনের। বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে ১৮ হাজার ১৫৬ জনের। অন্যদিকে জেলার ১২ থেকে ১৮ বছরের ২ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে রোববার পর্যন্ত ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) রাতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জেলা কমিটির সভায় সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জুম প্রযুক্তিতে রোববার রাত ৮টা থেকে দেড় ঘন্টা স্থায়ী সভায় অন্যান্যের মধ্যে কমিটির উপদেষ্টা কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নজরুল ইসলাম, সৈয়দ নজরুল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, করোনা পরিস্থিতি যখন নাজুক ছিল, তখন সৈয়দ নজরুল হাসপাতালের ৫০০ শয্যার মধ্যে ২৫০টি শয্যা কোভিড চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। এখন সংক্রমণ বাড়লেও রোগের জটিলতা কম থাকায় হাসপাতালে ভর্তির সংখ্যাও খুবই নগণ্য। যে কারণে বর্তমানে কোভিডের জন্য ৫০টি শয্যা রেখে বাকি ৪৫০টি শয্যা ননকোভিড রোগিদের জন্য রাখা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় ২১৫ জনের মৃত্যু হলেও প্রায় এক বছর যাবত কোন মৃত্যুর ঘটনা নেই। সভায় বলা হয়, হাওরের জনগণের মাঝে টিকার বিষয়ে সবচেয়ে বেশি অনিহা দেখা যাচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে হাওরবাসীকে টিকা প্রদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
এদিকে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবটি প্রায়ই বিকল থাকে। গত চারদিন ধরে নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে। ফলে এটি তাৎক্ষণিক সচল করার ব্যবস্থার ওপর সভায় জোর দেয়া হয়। এই ল্যাবে প্রতিদিন দুই ব্যাচে ১৯৮টি নমুনা পরীক্ষা করানো যায়। কিন্তু প্রতিদিন নমুনা জমা হয় ২৫০টির মত। ফলে পিসিআর ল্যাবের পাশাপাশি র‌্যাপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট পরীক্ষা বাড়িয়ে পিসিআর ল্যাবের ওপর চাপ কমানোর প্রস্তাব করা হয়। সরকারী এই ল্যাবটি ছাড়াও জেলার দু’টি প্রাইভেট মেডিক্যাল কলেজ জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ এবং প্রেসিডেন্ট আবদুল হমিদ মেডিক্যাল কলেজেও পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। এ দু’টি ল্যাবে স্বল্প মূল্যে নমুনা পরীক্ষার ব্যবস্থা করলে পরীক্ষার হার অনেক বাড়বে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। জেলা প্রশাসক বলেছেন, মানুষের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সচেতনতা কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের সংখ্যা বাড়ানো হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *