মুজিব শতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুলিয়ারচর বাজার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল ও বিশিষ্ট সমাজ সেবক হাবিবুল্লাহ কামাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল হাশেম মাস্টারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক গোলাম রব্বানী।
উপজেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বারের মতো নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোজাম্মেল হকের পরিচালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কুলিয়ারচর পৌরসভা বনাম ভৈরব ভিক্টরি ফ্যাশন। খেলা শেষে কুলিয়ারচর পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার হিসেবে একটি ওয়ালটন বড় ফ্রিজ তুলে দেন এবং প্রধান পৃষ্ঠপোষক রানার আপ দলের মাঝে পুরস্কার হিসেবে একটি ওয়ালটন ছোট ফ্রিজ তুলে দেন।
টুর্ণামেন্টে নক আউট পর্বের খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান তার বক্তব্যে উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণদের মাদকাসক্ত থেকে বিরত রাখতে এবং একজন ভালো খেলোয়াড় হিসেবে দেশের খ্যাতি অর্জন করতে এ ধরনের খেলা অবশ্যই আবশ্যক। এছাড়াও উপস্থিত তরুণদের দেশীয় খেলাধুলা ও সংস্কৃতি ধরে রাখার প্রতি আহবান জানান তিনি। এসময় প্রধান অতিথি খেলায় উৎসাহের জন্য চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে নগদ দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা উপহার প্রদানের ঘোষণা দেন।