যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে কিশোরগঞ্জে ৫ দিনের অনুর্ধ ১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্প উদ্বোধন হয়েছে। আজ ২৮ জানুয়ারি শুক্রবার বিকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন সুলেমান খান ও আজিমুদ্দিন আলো। প্রথমবারের মত তৃণমূলের খেলোয়াড়রা এই ক্যাম্পে সুযোগ পেয়েছে। জেলার ১৩ উপজেলা থেকে ৩০ জন বালক এই ক্যাম্পে অংশ নিচ্ছে। ৫ দিনের প্রশিক্ষণশেষে প্রতিভাবান খেলোয়াড়রা বিভাগীয় বাছাই পর্বে অংশ নেবে। দেশের বিভাগীয় দলগুলো নিয়ে আয়োজন করা হবে ডেভেলপমেন্ট কাপ ফুটবলের ৮ম আসর। জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ জানিয়েছেন, চূড়ান্ত প্রতিযোগিতা থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর।