হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকার অটোচালক মোশারফ হোসেন (২৬) হত্যায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরিহ কাউকে হয়রানি না করার দাবিতে অটো শ্রমিক অধিকার রক্ষা কমিটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ ২৮ জানুয়ারি শুক্রবার সকালে গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের আহবায়ক মো. আলাল মিয়াসহ বক্তব্য রাখেন এবায়দুল ইসলাম, আবুল কাশেম, মানিক মিয়া প্রমুখ।
মাস তিনেক আগে অটোচালক মোশারফ হোসেনকে রাতের বেলায় দুর্বৃত্তরা ময়মনসিংহের নান্দাইল থানাধীন এলাকায় হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নান্দাইল থানায় মামলা হলে ময়মনসিংহের ডিবি পুলিশ ২৬ জানুয়ারি নান্দাইল এলাকার শাহজালাল শিকদার, শান্ত মণ্ডল, আশরাফুল ইসলাম মানিক ও মনির উদ্দিন নামে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে মানববন্ধনে জানানো হয়। বক্তাগণ গ্রেফতারকৃতদের বাইরে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নির্দোষ কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছেন।