• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ২৩ জনের দেহে করোনা, মানুষের চেতনায় সাড়া নেই রাস্তায় দোকানে নিয়ম লংঘন

কিশোরগঞ্জে ২৩ জনের দেহে করোনা
মানুষের চেতনায় সাড়া নেই রাস্তায় দোকানে নিয়ম লংঘন

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে আজ বুধবার শনাক্ত হওয়া ৫ জনসহ মোট ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অবশ্য একজন মারা গেছেন। দিন দিনই যেন কিশোরগঞ্জের অবস্থা নাজুক হয়ে উঠছে। কিন্তু সাধারণ মানুষের যেন চেতনায় কোন সাড়া নেই। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল মহল থেকেই খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরে থাকার আহবান জানানো হচ্ছে। বাজারে ভীড় না করা, দোকানে কেনাকাটার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং, প্রচারপত্র বিতরণসহ সকল উপায়ে প্রচারণা চালানো হচ্ছে। নিরুপায় হয়ে ভ্রাম্যমান আদালতকে মাঠে নামতে হয়েছে। এরপরও যেন মানুষের কাণ্ডজ্ঞানের লক্ষণ দেখা যাচ্ছে না। বাজারে ভীড়, দোকানে গায়ে গায়ে লেগে কেনাকাটা, রাস্তায় মানুষের অস্বাভাবিক উপস্থিতি যেন অবস্থা আরো নাজুক করে তুলতে সহায়ক হবে। আজ বুধবার জেলা শহরের রাস্তায় রাস্তায় প্রচুর যানবাহন আর মানুষের চলাচল দেখা গেছে। এত মানুষের জরুরি প্রয়োজন থাকতে পারে বলে কেউ মানতে পারছেন না। দোকানগুলোর সামনে তিন ফুট দূরে দূরে রং দিয়ে বৃত্ত আঁকা থাকলেও মানুষ যেন ভ্রুক্ষেপই করছে না। দোকানিরা নিষেধ করলেও ক্রেতারা পাত্তা দিচ্ছেন না। একেবারের গায়ে গায়ে লেগে কেনাকাটায় ব্যস্ত। উপজেলা এবং গ্রামাঞ্চলের হাটবাজারের চিত্রও একই রকম। সচেতন মহল এ ব্যাপারে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর আরো কঠোর ভূমিকা প্রত্যাশা করছে। আর এটা দরকার জীবন রক্ষার প্রয়োজনেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *