ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের দুই পাশের জায়গা দখল করে নির্মাণ করা আনুমানিক দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ১১ জানুয়ারি মঙ্গলবার ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর ও লক্ষ্মীপুর এলাকায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হয় সকাল ১০টায় এবং বিকাল ৫টায় শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ তপন এবং ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ। এসময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী সহ রেলওয়ে পুলিশ, আরএনবি ও ভৈরব থানা পুলিশের শতাধিক লোকজন অভিযানে সহযোগিতা করেন।
জানাযায়, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রেলওয়ের দুই পাশে জায়গা দখল করে পাকা স্থাপনা করেন এলিন ফুডসহ বিভিন্ন কয়েল কারখানা। এছাড়াও রেললাইনের পাশ ঘেঁষে বাড়িঘর, স্কুল, ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন অসাধু ব্যক্তিরা। অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে পাকা, আধা পাকা ও টিন দিয়ে তৈরি বিভিন্ন স্থাপনা।
স্থানীয় লোকজন জানান, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কৃষি জমি হিসেবে লিজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি নির্মাণ করেছে তারা। আর এসব কৃষি লিজ নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে অনেকেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাকা স্থাপনা গড়ে তোলেন। ফলে রেলওয়ের জমি এক শ্রেণির লোকদের বেদখলে চলে যায়। রেলওয়ের জমি উদ্ধার করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ তপন জানান, রেলওয়ে লাইনের পাশে ৬০ ফুটের ভিতরে কোন স্থাপনা গড়ে তোলার নিয়ম নেই। রেলওয়ের জায়গা উদ্ধার করতে ভৈরবের জগন্নাথপুর ও লক্ষীপুর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা আনুমানিক দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।