ফুলের প্রতি কার না দুর্নিবার আকর্ষণ রয়েছে! বাড়ির আঙিনায় বা বাগানে ফুল চাষ করবেন। সুযোগ পেলেই শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষেরা ফুল ছিঁড়ে নিয়ে যাবে। এখন নিরাপদ ফুল বাগান হচ্ছে ভাসমান বেডের ফুল বাগান। কেউ চাইলেই এসব ফুল আর ছুঁতেও পারবে না।
মনের স্বাস্থ্য সুরক্ষায় ফুল বাগানের তুলনা মেলা ভার। মানবজাতি সেই আদিকাল থেকে ফুলের চাষ করে আসছে। কেউ বড় বড় বাগান করে, কেউ সারিবদ্ধ টব সাজিয়ে, আবার কেউ বাড়ির আঙিনায় দু’চারটি নানা প্রজাতির ফুলের চারা রোপন করে মনের খোরাক মিটিয়ে আসছে। এখন তো ভবনের ছাদেও বাগান হচ্ছে। বৃক্ষ বা গুল্ম জাতীয় ফুলগাছ ছাড়া অন্যান্য সকল ফুল গাছই হয় প্রধানত বর্ষজীবী। এখন তো বাণিজ্যিকভাবেও ফুলের চাষ হচ্ছে। তবে সব এলাকায় ফুল চাষ এখনও বাণিজ্যিক গুরুত্ব পায়নি। আবার অনেকের বাড়িতে পর্যাপ্ত জায়গা নেই, যেখানে শখের বশে একটি ফুল বাগান করবে। এ ছাড়া ফুলের প্রতি আকর্ষণ কার না থাকে। যে কারণে বাড়িতে ফুল চাষ করে খুব একটা স্বস্তিতেও থাকা যায় না। সুযোগ পেলেই অনেকে ফুল তুলে নিয়ে যাবে। বিশেষ করে শিশুদের নজরে পড়লে তো বারোটা বাজিয়ে ছাড়বে।
এখন শুরু হয়েছে পানির ওপর পচা কচুরিপানার ভাসমান বেডে ফুল চাষ। নানা রকম কৃষি পণ্য বা ফসল নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নিরবচ্ছিন্ন গবেষণা চলছে। খাদ্যশস্য, শাকসবজি আর ফলমূলের উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে বারির সাফল্য ঈর্ষণীয়। দেশে নানা কারণে ক্রমাগত আবাদযোগ্য জমির পরিমাণ কমছে। যে কারণে বর্ধিষ্ণু জনসংখ্যার চাহিদা পূরণে কয়েক বছর ধরে বারির কৃষি বিজ্ঞানীরা ভাসমান বেডে শাকসবজির আবাদ উদ্ভাবন করে চলেছেন। ভাসমান কৃষিতে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে অনুপ্রাণিতও করছেন। এ ক্ষেত্রে তাদের অনেক যুগান্তকারী সাফল্যও এসেছে। এখন কেবল শাকসবজি নয়। ভাসমান বেডে পেঁয়াজ, মরিচসহ মসলা জাতীয় ফসলও ফলানো হচ্ছে। এমনকি এখন ভাসমান বেডে বর্ষজীবী ফুলের চাষও শুরু হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা উপকেন্দ্র বা সরেজমিন গবেষণা কেন্দ্র রয়েছে কিশোরগঞ্জ শহরে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে স্থাপিত এই কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের প্রচেষ্টায় এ জেলার বিভিন্ন উপজেলায় ভাসমান চাষাবাদ পদ্ধতি ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে। প্রায়শই বারির কৃষি বিজ্ঞানীদের এনে বিভিন্ন এলাকার চাষীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই উপকেন্দ্রের পাশ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। নদীটি প্রবাহমান না থাকায় এখানে প্রচুর কচুরিপানার জন্ম হচ্ছে। আর এই কচুরিপানাকেই ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে ভাসমান চাষাবাদ পদ্ধতির মনোরম প্রদর্শনী বেড। এসব বেডে চাষ হচ্ছে লাউ, চালকুমড়া, শশা, চিচিঙ্গা, ধুন্দুল, বেগুন, ঢেঁরশ, টমেটো, নানা জাতের শাক, পেঁয়াজ, মরিচ ইত্যাদি। এখন চাষ করা হচ্ছে ফুলেরও। একটি বেডে গাঁদা ফুলের সুদৃশ্য বাগান করা হয়েছে। চারাগুলো রোপন করা হয়েছে গত ২১ অক্টোবর। এখন পানির ওপর ভাসমান বাগানের প্রতিটি গাছেই ফুটে আছে একাধিক বড় আকারের গাঢ় হলুদ বর্ণের ফুল। ড. মহিউদ্দিন পার্শ্ববর্তী গাইটাল এলাকার কৃষক আল আমিনকে দিয়ে এসব ভাসমান বাগানের সূচনা করেছেন। আল আমিন প্রায়ই এসব বাগান থেকে শাকসবজি আহরণ করে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছেন। এখন আল আমিন ভাসমান ফুল বাগান করেও সবাইকে চমকে দিয়েছেন। তাকে দেখে অন্যেরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে।