কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মাহবুবুল হকের নৌকার অফিস আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ ডিসেম্বর শনিবার দিনগত রাতের কোন একসময় উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার শাহেদল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর কুড়িমারা গ্রামের মান্নান বিএসসির বাড়ির পাশে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মাহবুবুল হকের নৌকার নির্বাচনী অফিস চালু করা হয়। গত ১১ ডিসেম্বর শনিবার দিনগত রাত ১টার পর অফিস থেকে দলীয় লোকজন বাড়ি চলে যান। এরপর যে কোনো সময়ে নৌকার অফিসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিসটি পুড়ে ভস্মিভূত হয়। ১২ ডিসেম্বর রোববার সকালে নৌকার অফিসটি আগুনে পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। এসময় তারা এ ঘটনার প্রতিবাদ করে জড়িতদের বিচার দাবি করেন।
এদিকে নৌকার নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে হোসেনপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মাহবুবুল হক জানান, যারা এ কর্মকাণ্ডটা ঘটিয়েছে তারা এই ইউনিয়নের উন্নয়ন চায় না। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর পিছনে সব সময় বহিরাগত সন্ত্রাসীরা থাকে। বহিরাগতদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে ১২ ডিসেম্বর রোববার বিকেলে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নৌকার অফিসের আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ থানায় করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।