• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পরিবারের চালক হতে শিশুরাই গাড়ির চালক

মিশুকে ৫ জন যাত্রী নিয়ে ছুটেছে শিশু মারুফ। -পূর্বকণ্ঠ

পরিবারের চালক হতে
শিশুরাই গাড়ির চালক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিভিন্ন রুটে ইঞ্জিনচালিত ইজিবাইকে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে শিশু চালকের সংখ্যা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাইস্কুলগামী শিশুদের এখন প্রায়শই মিশুক আর অটোরিক্সা চালাতে দেখা যাচ্ছে। অভাবপীড়িত পরিবারের চালকের দায়িত্ব নিতেই এরা এসব ইজিবাইকের চালকের আসনে বসে যাচ্ছে। ঝুঁকিতে পড়ছে শিশুর জীবন, ঝুঁকিতে পড়ছে যাত্রীদের জীবন, ঝুঁকিতে পড়ছে ইজিবাইকের ভাগ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এতে কোন নিয়ন্ত্রণ নেই, নেই এসব পরিবারের জন্য কোন সুদূরপ্রসারী পরিকল্পনা। কেবল ইঞ্জিনচালিত হালকা যানবাহনই নয়, মাল বোঝাই ভারী যানবাহন, বিশেষ করে ট্রাক্টর লরির ড্রাইভিং সিটেও শিশুদের দেখা যাচ্ছে।
জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার উদ্দিন জানিয়েছেন, আইনানুযায়ী হালকা মটরযানের অপেশাদার চালকের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর। আর পেশাদার (চাকরিজীবী) চালকের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর। হালকা যানবহনের পেশাদার চালকদের গাড়ি চালানোর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা হলে একটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবার পর মাঝারি যানবাহনের চালক হতে পারবেন। আর মাঝারি যানবাহন চালানোর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা হলে একটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবার পর ভারি যানবাহনের চালক হতে পারবেন। অথচ কিশোরগঞ্জের বিভন্ন রাস্তায় শিশুদেরকে এই তিন শ্রেণীর যানবাহনই চালাতে দেখা যাচ্ছে।
সম্প্রতি নিকলীর গুরই ইউনিয়নের বেয়াতিরচর এলাকায় গিয়ে দেখা গেছে, মারুফ নামে তৃতীয় শ্রেণী পড়ুয়া একটি ছোট্ট শিশু কয়েকজন যাত্রী নিয়ে মিশুক চালাচ্ছে। মারুফের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামের এ শিশুটির বাবা মিলন মিয়া মারা গেছেন বেশ কিছুদিন আগে। মারুফ হিলচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ছে। কিন্তু মা এবং তিন ভাই-বোনের সংসার তার মায়ের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে মারুফকে মিশুক চালাতে হচ্ছে। মারুফ দৈনিক ৪শ’ থেকে ৫শ’ টাকা আয় করতে পারে। এর ফাঁকেই যতটুকু পারছে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ওর যাত্রীদেরও ঝুঁকি সম্পর্কে কোন বোধ নেই। তারা অনায়াসে মারুফের মিশুকেই চেপে বসছেন। আর যাত্রীদের বোধের অভাবটাই যেন মারুফের অভাব মোকাবেলার উপায় হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *