আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জে আলোচনা সভা হয়েছে। আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ফোরামের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামান, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম ও সমকাল প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু।
ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সদস্য মো. বাহার উদ্দিন। এতে বলা হয়, বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ জীবনযাত্রার প্রায় সকল ক্ষেত্রে দুর্নীতি এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। ২০০১ থেকে ২০০৫, এই ৫ বছর বাংলাদেশ বিশ্বে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। কোভিড-১৯ সংকট দুর্নীতির সর্বগ্রাসী রূপকে আরও প্রকট করে তুলেছে। প্রবন্ধে বলা হয়েছে, কিশোরগঞ্জেও দুর্নীতির খণ্ডচিত্র পাওয়া যায়। শহরের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের বর্তমানে ৬টি মামলা বিচারাধীন আছে। প্রবন্ধে সুপারিশ করা হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, অভিযোগ প্রতকার ব্যবস্থা দ্রুত নিষ্পত্তি করা, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারণকে আরও সচেতন করা, সিটিজেন চার্টার সর্বক্ষেত্রে নিশ্চিত করা ও এর ব্যবহার সম্পর্কে নাগরিকদের সচেতন করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা ও আইনের স্পষ্টতা নিশ্চিত করা, সরকারি নিরীক্ষা কমিটি গঠন করা এবং আয়-ব্যায়ের সামঞ্জস্যহীনতায় জবাবদিহিতার ব্যবস্থা করা। উপসংহারে বলা হয়, জাতীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য দুর্নীতি নামক সর্বনাশা ব্যধি নির্মূলে সর্বশক্তি নিয়োগ করতে হবে। তবেই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
এরপর বক্তাগণ বলেন, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের মধ্যেই দুর্নীতির প্রবণতা দেখা যায়। অনেকের দৃশ্যমান কোন আয় নেই। অথচ বহুতল বাড়ির মালিক। তবে বাংলাদেশে এখন আগের তুলনায় দুর্নীতি হ্রাস পাচ্ছে। সরকার এ ব্যাপারে কঠোর রয়েছে। দুর্নীতি দমন কমিশনও এক্ষেত্রে কাজ করে যাচ্ছে। অনেকের সাজাও নিশ্চিত হয়েছে। তবে কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার জন্য দুর্নীতির মামলা পরিচালনার একটি মাত্র আদালত। আদালতের সংখ্যা বাড়ানো গেলে দুর্নীতি বিরোধী অভিযান ও মামলা নিষ্পত্তির হার আরও বাড়বে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেছেন।