মুন্সিগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া কিশোরগঞ্জের কাউসার খান ও তার দুই শিশুর পর মারা গেলেন শিশুদের মা শান্তাও। আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে তিনি মারা গেছেন।
কিশোরগঞ্জ শহরতলির বয়লা এলাকার মৃত আব্দুস সালাম খানের ছেলে কাউসার খান মুন্সিগঞ্জে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। সপরিবারে ভাড়া বাসায় থাকতেন মুন্সিগঞ্জের মুক্তারপাড়া এলাকায়। গত ২৮ নভেম্বর ভোর ৪টার দিকে বাসার গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হলে কাউসার খান (৩৭), তার স্ত্রী শান্তা খানম (২৮), শিশুপুত্র ইয়াছিন (৫) ও আড়াই বছরের শিশুকন্যা নহরকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর সকাল ১১ টা থেকে ১২টার মধ্যে মারা যায় শিশুপুত্র ইয়াছিন (৫) ও আড়াই বছরের শিশুকন্যা নহর। তাদের বাবা বাবা কাউসার খানও ৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে মারা যান। বাবা কাউসার খান। কাউসার খান ও দুই শিশুকে আগেই কিশোরগঞ্জের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। আজ ভোরে মারা গেছেন কাউসারের স্ত্রী শান্তাও।
কাউসারের মামা আসলামুল হক জানিয়েছেন, ঘটনার দিন গ্যাস লাইনের লিকেজের কারণে প্রচণ্ড বিস্ফোরণ হয়। বিকট শব্দে ঘুম ভেঙে গেলে কাউসার ও তার স্ত্রী ঘর থেকে দ্রুত বেরিয়ে আসেন। এরপর দাউ দাউ আগুন জ্বলতে দেখে শান্তা আবার ঘরে ঢোকেন শিশুদের বের করার জন্য। তখন দুই শিশুসহ শান্তা মারাত্মক দগ্ধ হন। দৃশ্য দেখে কাউসারও দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। পরিবারের চারজনই মারাত্মক দগ্ধ হলে তাদেরকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একে চলে গেলেন সবাই। ঘটনার পর থেকেই চলছে স্বজনদের আহাজারি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।