করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা নূর হোসেন আজ ৮ ডিসেম্বর বুধবার ব্র্যাক করিমগঞ্জ এলাকা অফিস ও কর্মসূচি পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ১০টায় তিনি ব্র্যাক অফিসে পেঁছালে তাকে ব্র্যাক কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত প্রাথমিক চক্ষু পরীক্ষণ ও ছানি সনাক্তকরণ কেন্দ্র পরিদর্শন করেন। দিনব্যাপী পরিচালিত এই কেন্দ্রে প্রায় শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। তিনি এসময় সংশ্লিষ্ট ডাক্তার ও রোগীদের সাথে কথা বলেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ ধরণের একটি চক্ষু শিবির পরিচালনার জন্য তিনি ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) মো. মোস্তাক আহম্মেদ, আলট্রা পুওর গ্রাজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ও পাপন চন্দ্র কর্মকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।