ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ডিজিটাল বাংলাদেশে ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আজ ৮ ডিসেম্বর বুধবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও স্বাগত বক্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা এবং করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোছা. আরিফা হাসান ঝুমু বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচনী ইশতেহারে প্রথম ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, তখন অনেকে বিদ্রুপ করেছে। কেউ ভাবতো ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়বে, ঘরে ঘরে কম্পিউটারের ব্যবহার বাড়বে। কিন্তু আজ ডিজিটাল প্রযুক্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দেয়া হচ্ছে। ঘরে বসে মানুষ অনেক কাজ ডিজিটাল প্রযুক্তির সুবাদে সেরে ফেলতে পারছে। আমাদের দেশের ডিজিটাল ফ্রিল্যান্সার কার্যক্রম বিশ্বে একটি বিশেষ স্থান দখল করেছে। হাইটেক পার্ক হচ্ছে, কিশোরগঞ্জেও শেখ কামালের নামে আইটি পার্ক হবে।
পুলিশ সুপার বলেছেন, আজকে ভার্চুয়াল কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকলে হবে না। সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় মানুষের পুলিশি সেবার জন্য ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে সেবা কার্যক্রম উদ্ভাবন করেছেন। যার ফলে মানুষ ঘরে বসে প্রতিকার পাচ্ছে। তবে সাইবার ক্রাইমও বেড়েছে। এগুলি মোকাবেলা করার জন্য আইন শৃংখলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
সিভিল সার্জন বলেছেন, প্রধানমন্ত্রী ২০১০ সালে ভোলার চর কুকড়িমুকরি ইউনিয়নে প্রথম ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করেছিলেন। এখন সকল ইউনিয়নে এই সেবা পাওয়া যাচ্ছে। আজকে ডিজিটাল প্রযুক্তির সুবাদে টেলিমেডিসিনের সুযোগ পাচ্ছেন জনগণ। স্থানীয় সরকারের উপ-পরিচালক বলেছেন, দেশে দু’টি অপটিক্যাল ফাইভারের মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ দিয়ে ইন্টারনেট সেবার আওতা ও গতি বাড়ানো হচ্ছে। আগামীতে আরও সুফল আসবে। যেখানে এই সুবিধা নেই, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। সরকার উদ্যোক্তাদের ল্যাপট, প্রিন্টার ও স্ক্যানার দিয়েছে বিনা পয়সায়। এর বিনিময়ে কোন টাকা নিচ্ছে না, আয়ের ওপর কোন ভাগ বসাচ্ছে না।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন, আজকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ২শ’র বেশি দেবা দেয়া হচ্ছে। কিশোরগঞ্জে ১১৬টি ইউডিসি ও ৮টি ১১ পৌর ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। আর সারা দেশে রয়েছে ৪ হাজার ৫০১টি ডিজিটাল সেন্টার। এর মাধ্যমে জনগণ সেবা পাচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্টেট মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোছা. সাবিহা জান্নাত তুরিন ও কটিয়াদী পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. হাদিউল ইসলামকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সনদ ও নগদ ১০ হাজার করে টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।