ভৈরবে ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারবে সমাজের কর্মহীনরা। আজ সোমবার থেকে এই চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহে ৩ দিন দু’টি গাড়ির মাধ্যমে উপজেলার ১ হাজার ২শ পরিবার এসব চাল কিনতে পারবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। প্রতি সপ্তাহে একবার একজন ব্যক্তি মাত্র ৫০ টাকা দিয়ে ৫ কেজি চাল নিতে পারবে। এছাড়াও আজকে একজন ডিলার উপজেলা পরিষদ থেকে ও অন্যজন শহরের অন্য কোন এলাকায় থেকে এসব চাল বিক্রি করবে বলেও জানান লবুনা ফারজানা।
জানাগেছে, দেশে করোনা ভাইরাসের আক্রমণ থেকে সমাজের মানুষজনকে বাচাঁতে সড়ক, রেল ও নৌ-পথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরকার। একই সাথে শুধুমাত্র নিত্যপণ্য ও জরুরী সেবা পেতে ঔষধ এবং হাসপাতাল ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সমাজের খেটে খাওয়া মানুষজনসহ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা কর্মহীন হয়ে পড়েছে। ফলে এসব পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই সমাজের এসব কর্মহীন মানুষের জন্য সরকার ভূর্তকি দিয়ে ওএমএস ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে। ফলে সারা দেশের মতো আজ সোমবার থেকে ভৈরবে ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারবে লোকজন। তাছাড়া এই চাল কেনার সময় অবশ্যই লোকজনকে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। সরকারের এমন উদ্যোগে খুশি সমাজের কর্মহীন মানুষজন। তবে এসব কর্মহীনদের দাবী, ৫ কেজি থেকে বাড়িয়ে যদি প্রতিটির পরিবারকে ১০ কেজি করে চাল কেনার সুযোগ দিত সরকার। তাহলে সবচেয়ে বেশি উপকৃত ও খুশি হতেন তারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকারের নিদের্শনা মতে আমরা আজ থেকে ভৈরবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছি। আপাদত দু’জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। প্রয়োজনে পরে আরও ডিলার ও চালের পরিমাণ বাড়ানোর জন্য চেষ্টা করবো।