• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে পিঠা বিক্রেতার ঘরে জ্বলছেনা চুলা

ভৈরবে পিঠা বিক্রেতার ঘরে জ্বলছেনা চুলা

 # নিজস্ব প্রতিবেদক #

রেলওয়ে স্টেশনে পিঠা বিক্রি করেই সংসার চালাতো মো. আলামিন (৪৫)। স্ত্রী ও দুই ছেলে মেয়েসহ চার জনের সংসার তাদের। ছেলে সাঈমের বয়স ১২। অভাবের সংসারে টাকার অভাবের সাঈমের পড়াশোনাও বন্ধ হয়ে যায় ক্লাশ টুতেই। মেয়ে সাদিয়ার বয়স ১৮ পার হয়েছে। মেয়ের বিয়েও দেয়া হয় দরিদ্র পরিবারে। কর্মহীন হয়ে পড়া মেয়ের জামাইসহ মেয়ে দুজনই এখন তাঁর বাড়িতেই বসবাস করছে। ভৈরব শহরের রেলওয়ে স্টেশনের পাশে পঞ্চবটি বউ বাজার এলাকার দিনে আনে দিনে খায় হত দরিদ্র পরিবারে বর্তমান সদস্য সংখ্যা পাঁচ। কর্মহীন হয়ে পড়া ওই পরিবারে খাবার সংকটে জ্বলছে না ঘরের চুলা।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দেশের লাখ লাখ মানুষের ন্যায় ট্রেন নির্ভর অসহায় মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ে। তাদের মধ্যে পিঠা বিক্রেতা আল আমিন মিয়াও একজন। কর্মহীন হয়ে পড়া পরিবারে গত ১৫ দিন ধরে কোনো আয় রোজগার না থাকায় কখনো খেয়ে আবার কখনো না খেয়ে মানবেতর জীবন যাপন করছে হতদরিদ্র পরিবারটি। করোনা ভাইরাস মহামারিতে লকডাউনে থাকা মানুষজনকে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সীমিত আকারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ অসহায় মানুষজনের। আবার বিভিন্ন এলাকায় সীমিত আকারে বিতরণ করা ত্রাণ সামগ্রী পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছে অনেক অসহায় পরিবার। সরকারের ঘোষণা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কথা থাকলে অধিকাংশ দরিদ্র পরিবারে এখনো পৌঁছেনি সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে দেয়া খাদ্যসামগ্রী। অভিযোগ রয়েছে, ব্যক্তি উদ্যোগে বিতরণ করা সীমিত খাদ্য সামগ্রীও মিলছে কেবল ত্রাণদাতাদের বলয়ের লোক হলেই। এলাকার ভোটারগণের মধ্যে ছোট একটা অংশ ত্রাণ সামগ্রী পেলেও ভাড়াটিয়া দরিদ্র মানুষজন একেবারেই বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠে।
ভৈরব শহরের পঞ্চবটি বউ বাজার এলাকায় পিঠা বিক্রেতা আলামিন মিয়ার বাড়িতে ১০ এপ্রিল শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৈত্রিক ভিটায় একটি দু’চালা টিনের চাপড়া ঘর রয়েছে। ঘর থাকলেও নেই কোন দরজা। এমনিতেই অভাবের সংসার, রোজগারও বন্ধ। ঘরের ভিতরে ঢুকতেই দেখা যায় চুলাটি বন্ধ। একটি টেবিলের উপর কয়েকটি লম্বা বেগুন ও কিছু আলু থাকলেও চাল, তেলসহ প্রয়োজনীয় অন্যান্য খাদ্য সামগ্রী নেই ঘরে। চাল ও তেলের অভাবে বেশ কিছুদিন ধরেই খেয়ে না খেয়েই দিন চলছে তাদের।
পিঠা বিক্রেতা আলামিন মিয়ার স্ত্রী শাহানা বেগম বলেন, তাঁর স্বামী ভৈরব রেলওয়ে স্টেশনে পিঠা বানিয়ে বিক্রি করত। ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার সাথে পিঠা বিক্রিও বন্ধ হয়ে যায়। পিঠার চুলার সাথে ঘরের চুলাও এখন বন্ধ। ১৫ দিন ধরে খুবই খাদ্য সংকটে ভুগছি। চুলা একদিন জ্বললে অন্যদিন জ্বলেনা। দুই জায়গা থেকে সামান্য পরিমান চাল, ডাল আলু পেয়েছি। এখন কিছু আলু আছে ঘরে। তেল ও চালের অভাবে রান্না করতে পারছিনা। তিনি বলেন, অন্যের বাড়িতে গিয়ে গোসল ও প্রকৃতির কাজ সারা লাগে। অভাবের ঘরের দরজা নেই। টয়লেট নেই। ঘর থেকে বের হওয়ার তেমন রাস্তাও নেই। বৃষ্টি আসলে পানি আটকিয়ে থাকে। এখানে একটি ড্রেনও খুব প্রয়োজন। বের হওয়ার চিপা রাস্তাটিও দুই দিক থেকে দখল করে বসে আসে। একজন মানুষ মারা গেলে লাশটা বের করা যাবেনা। আর এখন তো নিজেরাই জীবন্ত লাশ হয়ে আছি। সব কিছু বন্ধ, কাজও করা যাবেনা কোথাও। করোনায় কি মরুম (মরবো) খাবারে অভাবেই এখন মরতে হবে। এদিকে করোনার মহামারিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারটি প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, পৌরসভায় সরকারি ত্রাণ সামগ্রী মেয়র সাহেব বিতরণ করবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন শুধুমাত্র উপজেলার ইউনিয়ন গুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। সেই লক্ষ্যে এসিল্যান্ড হিমাদ্রী খীসা ও আমি নিজে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ৭ শতাধিক পরিবারের মাঝে ইতিমধ্যেই ত্রাণসামগ্রী বিতরণ করেছি। তারপরও পৌরসভায় যারা বেশি সমস্যায় আছে, তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করছি। পিঠা বিক্রেতা ওই পরিবারকেও সহযোগিতা করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে ভৈরব পৌরসভার অসহায়দের জন্য সরকারি ত্রাণসামগ্রী কখন এসেছে এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ১০ দিন হলো পৌরসভায় সরকারি খাদ্যসামগ্রী এসেছে। এখনো মনে হয় পৌরসভা থেকে সরকারি ত্রাণ বিতরণ শুরু হয়নি। ত্রাণ সামগ্রী বিতরণের আগে অসহায়দের তালিকা প্রস্তুত করে উপজেলায় জমা দিতে হবে। পৌরসভার পক্ষ থেকে অসহায়দের তালিকা এখনো জমা দেয়া হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *