ভৈরবে পুলিশের এক সদস্য (উপ-পরিদর্শক) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
আক্রান্ত পুলিশ সদস্যকে দুপুরেই ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তিনি ভৈরব পৌর এলাকার কমলপুর নিউটাউনের একটি মেসে থাকতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা বলে জানা গেছে। ভৈরবে এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা।
এর আগে ৯ এপ্রিল বৃহস্পতিবার ভৈরব থেকে করোনা আক্রান্ত সন্দেহে ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৪ জনের নেগেটিভ আসলেও ওই পুলিশ সদস্যের পজিটিভ রিপোর্ট আসে। ওই আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে এসে থাকতে পারে এমন সন্দেহে ভৈরব থানার ওসিসহ ৬৪ পুলিশ সদস্য ও ৫ জন ডাক্তারকে কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ভৈরব থানা বা তার আশপাশের এলাকা লকডাউন না করলেও লোকসমাগম কঠোরভাবে সীমিত করে উপজেলা প্রশাসন।
ভৈরব থানার সকল পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় থানায় কার্যক্রম যেন সচল থাকে এর জন্য জেলা পুলিশ সুপারের নির্দেশে ৩৫ পুলিশ সদস্য রাতেই ভৈরব থানায় যোগদান করেন।
ভৈরব থানা সূত্রে জানা যায়, ওই পুলিশ সদস্য থানার কাজে দায়িত্বপালনকালে ১৪ দিনে উপজেলার ৯টি স্থানে যাতায়াত করায় প্রশাসন ওই স্থানগুলো চিহ্নিত করে। পরে ওই সকল স্থানগুলোকে ১০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
অবরুদ্ধ স্থান গুলো হলো মনি ব্যাচেলরস গলি ও গলির মুখের দোকান, মর্ডান হাসপাতাল চণ্ডিবের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরুষ ও মহিলা ওয়ার্ড, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুম, কেয়ার ফার্মেসী কমলপুর, চকবাজার, আকবরনগর বাজার, কালিকাপ্রসাদ ইউনিয়ন, শম্ভুপুর এবং শিবপুর ইউনিয়ন। তাছাড়া পার্শ্ববর্তী জেলায় গমনের উদ্দেশ্যে উপজেলায় অবস্থিত জাতীয় মহাসড়ক ব্যবহার ব্যতীত উপজেলা ও ইউনিয়নের যে কোন সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, ১০ এপ্রিল শুক্রবার সকালে রিপোর্ট পায় ভৈরবে এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে ৬৪ পুলিশ সদস্য ও ৫ চিকিৎসক কে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই পুলিশ কর্মকর্তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাছাড়া থানা ও আশেপাশের এলাকা লকডাউন করা হবে কিনা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, ভৈরব শহর এলাকায় লোকসমাগম সীমিত করার লক্ষে
১১ এপ্রিল শনিবার সকাল থেকে ভৈরব উপজেলার সকল প্রবেশমুখে কঠোরভাবে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়।
এই ঘটনায় ভৈরব উপজেলার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, আক্রান্ত পুলিশ সদস্য চলতি বছরের জানুয়ারি মাসে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা হতে বদলি হয়ে ভৈরব থানায় যোগদান করেন।