• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে এখন নারায়ণগঞ্জ ভীতি 

কিশোরগঞ্জে এখন নারায়ণগঞ্জ ভীতি 

 # মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে এখন বিরাজ করছে নারায়ণগঞ্জ ভীতি। কারণ, এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগি নারায়ণগঞ্জে। আর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কিশোরগঞ্জের কর্মরত মানুষজন লকডাউনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে পালিয়ে আসছেন যার যার এলাকায়। ফলে স্থানীয় জনগণের মধ্যে বিরাজ করছে প্রচণ্ড করোনা ভীতি।
এলাকাবাসী জানায়, নারী-পুরুষ নির্বিশেষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কর্মরত মানুষেরা সেখান থেকে গভীর রাতে বিভিন্ন পিকআপে ওঠে ভোর বেলায় সদর উপজেলার দানাপাটুলি এলাকায় মাঠের বাজারের কাছে এসে নামেন। আর সেখান থেকে পায়ে হেঁটে গাগলাইল, পার্শ্ববর্তী কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া, জালিয়া, শেহড়া এবং করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কদমতলি ও নানশ্রীসহ বিভিন্ন এলাকার বাড়িতে যান। অনেক সময় এলাকাবাসী বুঝতেও পারেন না তাদের এলাকায় বাইরে থেকে কেউ এসেছেন কিনা।
দানাপাটুলি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল জানান, তার ইউনিয়নে জানামতে এখন পর্যন্ত ১৬ জন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার উদ্যোগ নিয়েছেন। এর বাইরেও থাকতে পারে। চৌকিদার এবং দফাদার দিয়ে খোঁজ করার চেষ্টা অব্যাহত আছে। কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান মো. বদর উদ্দিন জানিয়েছেন, তার এলোকায় এখন প্রতি রাতেই নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছেন। গার্মেন্ট কারখানা খোলার কথা বলে যাদের নিয়ে যাওয়া হয়েছিল, এদের সংখ্যাই বেশি। তিনি আরো জানান, তার এলাকায় নারায়ণগঞ্জ থেকে এক জামাতা স্ত্রীসহ শ্বশুরবাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। তাকে গ্রামপুলিশ বাড়িতে থাকার কথা বললেও বাইরে যাচ্ছেন। এমনকি মসজিদে যাওয়ার পর লোকজন মানা করায় তার চাচাশ্বশুর এলাকার মাদক ব্যবসায়ী আলতু গ্রামপুলিশের ওপর চড়াও হয়েছেন। পরে থানায় খবর দিলে আজ শুক্রবার পুলিশ গিয়ে আলতুকে আটক করে থানায় নিয়ে গেছে। আলতুর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। এর আগে কারগারেও গিয়েছেন। এখন নারায়ণগঞ্জ ফেরত লোকদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে বলে চেয়ারম্যান মন্তব্য করেছেন। অন্যদিকে জয়কা ইউপি চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিনও তার এলাকায় নারায়ণগঞ্জ থেকে লোকজন ফিরে আসছেন বলে জানিয়েছেন। কদমতলিতেই বেশি, নানশ্রী গ্রামেও আসছেন। কতজন এসেছেন সংখ্যা জানা নেই। তবে যাদের সন্ধান পাওয়া যাচ্ছে, তাদেরকে ঘরে অবস্থানের তাগিদ দিয়েছেন বলে চেয়ারম্যান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *