গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কিশোরগঞ্জে কৃষক, চালক ও মেকানিকদের একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সরেজমিন গবেষণা উপকেন্দ্র মিলনায়তনে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি বারির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক ড. নূরুল আমিন, বিশেষ অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন সাইফুল আলম, বারির সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এরশাদুল হক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষানার্থীদের একাংশ। -পূর্বকণ্ঠ
বারির ফার্ম মেশিনারি এন্ড পোস্টহার্ভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত কর্মশালায় জানানো হয়, বীজ বপন, ফসল আহরণ ও মাড়াইসহ যাবতীয় কার্যক্রম এখন যান্ত্রিক উপায়ে করা সম্ভব। এর ফলে কৃষকদের সময় ও খরচ দুটোরই সাশ্রয় হবে। যার ফলে কৃষি এখন কৃষকদের জন্য অধিকতর লাভজনক পেশায় পরিণত হবে। তারা বলেন, এখন কৃষি কাজে শ্রমিক সংকট দেখা দেয়। যে কারণে সময়মত ফসল আহরণ করা কঠিন হয়ে পড়ে। এর ফলে প্রাকৃতিক নানা দুর্বিপাকে ফসলহানির আশঙ্কা তৈরি হয়। কাজেই যন্ত্রের ব্যবহারের ফলে দ্রুততার সঙ্গে ফসল আহরণ করা সম্ভব হবে। বারির কর্মকর্তাগণ কৃষক, চালক ও মেকানিকদের সরেজমিনে এসব যন্ত্রের ব্যবহার, মেরামত ও সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে ধারণা দেবেন। প্রয়োজনে কৃষকদের বাড়িতে এসব যন্ত্র বেশ কিছুদিন রেখে এর উপযোগিতা পরখ করার সুযোগ দেয়া হবে। বারি মোট ৫০ ধরনের যন্ত্র উদ্ভাবন করেছে। পর্যায়ক্রমে এলাকাভিত্তিক ব্যবহারযোগ্য এসব যন্ত্র সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা ও প্রশিক্ষণ দেয়া হবে বলে কর্মকর্তাগণ জানিয়েছেন। কর্মশালাটি সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মানবেন্দ্রনাথ সরকার।