কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহব্বায়ক কমিটি পুনর্বহালের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সদ্য বিলুপ্ত যুবদল কমিটির নেতৃবৃন্দ। ২৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম- আহ্বায়ক দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নুরুল ইসলাম বুলবুল, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম মেম্বার, যুগ্ম-আহ্বায়ক খুরশিদ আলম, যুগ্ম-আহ্বায়ক আমির খসরু ও জসিম উদ্দিন, কার্যকরী সদস্য হাবিবুল্লাহ সোহাগ, মাহবুব উল্লাহ তাকি ও সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া প্রমুখ।
লিখিত বক্তব্যে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক দিদারুল আলম বলেন, দলীয় গঠনতন্ত্র অনুসরণ না করে ভুল তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যমূলক ভাবে গত ১৯ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্তে আমরা উপজেলা যুবদলের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ, হতবাক ও হতাশ হয়েছি। জেলা কমিটিকে অবহিত না করে, কোনো প্রকার কারণ দর্শানো ব্যাতিরেকে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ছাড়াই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের ভুল তথ্য দিয়ে এ ঘৃন্য কাজটি করিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ময়মনসিংহ সাংগঠনিক টিম প্রধান আব্দুল খালেক হাওলাদার। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই কমিটি পুনর্বহালের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত বছরের ১৬ মার্চ মিজানুর রহমান সুমনকে আহ্বায়ক ও রাকিবুল আলম ছোটনকে ১নং যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। এ বছরের ১৯ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি।