কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখতে দুপুরের রৌদ্র উপেক্ষা করে নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে। ২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে সাহেবেরচর এলাকায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসারের নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রমুখ।
নৌকাবাইচ প্রতিযোগিতায় বড় নৌকা (সরঙ্গ) ময়মনসিংহ সদরের হেকমত আলী, বড় নৌকা ছিপ ময়মনসিংহ সদরের কাজল মেম্বার ও ছোট নৌকা যৌথভাবে হোসেনপুর উপজেলার চরহাজীপুরের নূরুল আমীন ও পাকুন্দিয়া উপজেলা দক্ষিণ চরটেকীর কাঞ্চন বেপারীকে পুরস্কৃত করা হয়।