কিশোরগঞ্জে পুলিশ বিভাগে কোন রকম ঘুষ ছাড়াই কনস্টেবল নিয়োগ হবে। আর মেডিক্যাল পরীক্ষার সময় প্রার্থীদের ডোপ টেস্টও করা হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। প্রথমবারের মতো আবেদন করতে হবে অনলাইনে। আর সর্বসাকুল্যে খরচ হবে মাত্র ১৩০ টাকা। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নতুন নিয়মে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ (চাকরি নয়, সেবা) বিষয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি জানান, আজকের বিশ্ব বাস্তবতায় যুগোপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কনস্টেবল নিয়োগে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ গণিতে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা, ১৫ নম্বরের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং দৌড়, পুশআপ (বুকডন), দীর্ঘলম্ফ, উচ্চলম্ফ, রোপ ক্লাইম্বিং ও ড্র্যাগিংসহ ৭টি ইভেন্টে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেয়া হবে। আর মেডিক্যাল পরীক্ষার সময় ডোপ টেস্টও করা হবে। চাকরির জন্য আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আর ৭ অক্টোবর প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সবাইকে বাংলাদেশী নাগরিক হতে হবে। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-২.৫। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা থাকতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি, আর নারী প্রার্থীদের উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা এবং এতিম কোটাসহ কয়েকটি কোটাও থাকবে। কোটায় মেধাক্রম অনুযায়ী প্রার্থী বাচাই করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। সারাদেশে ৩ হাজার কনস্টেবল নেয়া হবে। কিশোরগঞ্জে নেয়া হবে ৬১ জন। এর মধ্যে পুরুষ নেয়া হবে ৫২ জন, আর নারী নেয়া হবে ৯ জন। কিশোরগঞ্জে পরীক্ষা হবে ২ থেকে ৪ নভেম্বর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অনির্বাণ চৌধুরী।