• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের কৃষকদের বোরো নিয়ে শঙ্কা

কিশোরঞ্জে পেকে উঠেছে জমির ধান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের কৃষকদের বোরো নিয়ে শঙ্কা
হাওরে ধানকাটা শ্রমিক আনতে
মন্ত্রণালয়ে গণপরিবহন দাবি

# মোস্তফা কামাল #

বর্তমান পরিস্থিতিতে কিশোরগঞ্জে বোরো ধান আহরণে শ্রমিক সঙ্কটের ভাবনায় কৃষকরা শঙ্কিত। স্থানীয় শ্রমিকে কুলোয় না। উত্তরবঙ্গের হাজার হাজার শ্রমিক আসেন প্রতিবছর। ফলে বিদ্যমান পরিস্থিতিতে ওইসব শ্রমিকের আসার জন্য সাময়িকভাবে গণপরিবনের ব্যবস্থা করার জন্য কৃষি মন্ত্রণালয়ে জেলা কৃষি বিভাগ থেকে অনুরোধ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকও শ্রমিক আনার জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের সহায়তা চাইবেন বলে জানিয়েছেন।
দেশের অন্যতম ধানের জেলা কিশোরগঞ্জ। এ জেলায় উৎপাদিত ধান জেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের খাদ্য চাহিদা মেটাতেও বিশেষ ভূমিকা রাখে। জমিতে আগাম জাতের ধান ব্রিধান-২৮ পেকে উঠেছে। এক সপ্তাহের মধ্যেই কাটা শুরু করতে হবে। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে ধান কাটা নিয়ে কৃষক ও কৃষি বিভাগ বেশ শঙ্কিত। কারণ, বিশেষ করে বিশাল হাওরাঞ্চলের ধান কাটার জন্য স্থানীয় ধানকাটা শ্রমিক চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। প্রতি বছরই উত্তরবঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক আসেন হাওরের বোরো ধান কাটতে। তারা মাসব্যাপী হাওরে পড়ে থেকে ধান কেটে বেশ ভাল অঙ্কের রোজগার করে যার যার বাড়ি ফিরে যান। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে একদিকে যেমন বিভিন্ন জায়াগায় গমনাগমন বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখার কড়াকড়ি রয়েছে, আবার গণপরিবহনও বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন জেলার কৃষি শ্রমিকদের এবার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আসাটা অনিশ্চিত হয়ে পড়েছে।
কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, এবার জেলার ১৩ উপজেলায় মোট এক লাখ ৬৬ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চাল উৎপাদন হবে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিকটন। এর মধ্যে কেবল হাওর অধ্যুষিত এলাকাতেই বোরো আবাদ হয়েছে এক লাখ তিন হাজার ২৪৫ হেক্টর জমিতে। এই বিপুল পরিমাণ জমির ধান স্থানীয় শ্রমিক দিয়ে কিছুতেই কাটা, মাড়াই করা এবং গোলায় তোলা সম্ভব হবে না। যদিও ‘রিপার’ নামে হালকা হার্ভেস্টার দিয়ে কিছু ধান কাটা সম্ভব। কিন্তু এত বিস্তীর্ণ হাওরাঞ্চলের সমুদয় ধান রিপার দিয়ে কাটা যেমন কঠিন, আবার ধান কেবল কাটলে হবে না, সেসব ধান খলায় নিয়ে মাড়াই করা, গোলায় ধান ওঠানো, খড়ের গাদা তৈরিসহ আরো অনেক কাজই স্থানীয় শ্রমশক্তি দিয়ে সম্ভব হবে না।
উপ-পরিচালক সাইফুল ইসলাম অধিদপ্তরের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন, যেন অন্তত ধান কাটার সময় বাইরের শ্রমিকদের আসার ক্ষেত্রে তাদের জন্য বিশেষ গণপরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, যদি জমির ধান নিরাপদে তোলা না যায়, তাহলে করোনার পাশাপাশি ভয়াবহ খাদ্য সঙ্কটেও দেশ বিপর্যস্ত হয়ে পড়বে। মানুষকে না খেয়ে মরতে হবে। কাজেই এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়ের সুচিন্তিত সিদ্ধান্ত আশা করছেন। হাওর উপজেলা নিকলীর কুর্শা গ্রামের শিক্ষক আব্দুল আউয়ালও মনে করছেন, বাইরের শ্রমিক ছাড়া কেবল হাওরের শ্রমিক দিয়ে ধান কাটা যাবে না। এছাড়া হাওরাঞ্চল বন্যা প্রবণ এলাকা। এসব জমির ধান দ্রুত কাটতে না পারলে আগাম বন্যার ঝুঁকিও থাকে। কাজেই এ ব্যাপারে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মনে করছেন। অন্যদিকে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, তিনিও অন্যান্য জেলা থেকে ধানকাটা শ্রমিক আনার জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের সহায়তা চাইবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *