ভৈরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায়, অযথা ঘুরাঘুরি ও অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার অপরাধে ২০ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
৮ এপ্রিল বুধবার দুপুরে ভৈরব বাজারের রানীর বাজার, চকবাজারের রং, হার্ডওয়্যার ও কসমেটিকসের দোকানসহ বিভিন্ন অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন শহর পুলিশ ফাঁড়ি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যবসায়ী অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখছে।এর কারণে মানুষ বাজারে ভিড় করছে।এতে করোনার ঝুঁকি বাড়ছে। এছাড়া কিছু মানুষ অযথা ঘুরাঘুরি করছে। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য প্রশাসন দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। পৌর এলাকার বিভিন্ন জায়গা ও বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেও মানুষকে সচেতন করা যাচ্ছে না। আজও ভৈরব বাজারে বিভিন্ন অপরাধে ২০ জন ব্যক্তিকে ৫২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া করোনা পরিস্থিতিতে মানুষ যতদিন নিজে সচেতন না ততদিন এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।