চলমান করোনা সঙ্কটের কারণে বাড়িতে আটকে থাকতে থাকতে খাদ্য সঙ্কটে পড়ে গিয়েছিলেন কিশোরগঞ্জের এক দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী। বুদ্ধি খাটিয়ে সরকারি হেল্পলাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে জেলা প্রশাসকের কাছ থেকে পেলেন খাদ্যসাহায্য। সদর উপজেলার মারিয়া ইউনিয়নের দক্ষিণ মুল্লাপাড়া গ্রামের দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী শওকত মিয়া (৩৮) করোনা সঙ্কটের কারণে জনচলাচল বন্ধ হয়ে যাওয়ায় কোথাও যেতে পারছিলেন না। খাবারও জোগার করতে পারছিলেন না। পড়ে গিয়েছিলেন ‘অভুক্ত’ পরিস্থিতিতে। অবশেষে ‘৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য চান। তাগিদ পৌঁছে যায় জেলা প্রশাসকের দরবারে। এরপর জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলকে দিয়ে শওকত মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রীর একটি প্যাকেট পাঠিয়ে দেন। আপাতত সঙ্কট উত্তরণ হয় শওকত মিয়ার।