কিশোরগঞ্জের একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড রাউন্ড দিয়েছেন হাসপাতালের নব যোগদানকৃত পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। তিনি হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল ও বিশিষ্ট মেডিসিনি বিশেষজ্ঞ ডা. আতাউর রহমানকে নিয়ে পিপিই পরে বুধবার কোভিড রোগীদের ওয়ার্ডে গিয়ে খোঁজখবর নেন। এসময় তিনি কোভিড চিকিৎসায় নিয়োজিত সকলের প্রতি মানবিকতা ও সাহসিকতার সঙ্গে এই মানবিক বিপর্যয়ের সময়ে রোগীদের পাশে থাকার আহবান জানান। ডা. আতাউর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই হাসপাতালে এই প্রথম একজন পরিচালক কোভিড রাউন্ড দিলেন। এতে অন্যান্য চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের মধ্যে এক ধরনের মানসিক শক্তি ও উদ্দীপনা তৈরি হবে এবং তার নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ডা. হাবিবুর রহমান এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক পদে কর্মরত ছিলেন। গত ১৫ জুলাই তিনি সৈয়দ নজরুল হাসপাতালে পরিচালক পদে যোগদান করেছেন।