কিশোরগঞ্জে লকডাউনের প্রথম দু’দিন রাস্তায় ভারী যানবাহন ছিল না। ত্রিহুইলার ইজিবাইকসহ হালকা যানবাহনও একেবারেই কম ছিল। তবে লকডাউনের তৃতীয় দিন আজ রোববার ২৫ জুলাই হালকা যানবহন কিছুটা বেড়েছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী বেশ কিছু যানবাহন আটকও করেছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে জুরুরি কারণ ছাড়া কোন যানবাহন দেখলেই সেগুলি আটক করা হচ্ছে। জেলা শহরের পুরনো স্টেডিয়ামে এরকম বেশ কিছু অটোরিকশা ও মিশুকসহ ত্রিহুইলার ইজিবাইক আটক করে রেখে দেয়া হয়েছে। তবে শাস্তি হিসেবে একদিন আটক রেখে সেগুলি রাস্তায় বের না করার শর্তে ছেড়ে দেয়া হবে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন। লকডাউনের তৃতীয় দিন রাস্তায় পথচারীর সংখ্যাও কিছুটা বেড়েছে। তবে ওষুধের দোকান, হোটেল ও মুদির দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।