ভৈরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ও অযথা ঘোরাঘুরি করায় ২৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
৫ এপ্রিল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন জায়গায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভৈরব থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, করোনা প্রতিরোধে সকলকে নিরাপদে ঘরে থাকার জন্য বার বার বলা হলেও মানুষ তা মানছেন না। শুধু শুধু ঘুরাফেরা করছে। মানুষকে সচেতন করার জন্য প্রতিদিনই সচেতনামূলক প্রচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে তবুও মানুষকে সচেতন করা যাচ্ছে না। এছাড়া করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে প্রতিদিনই মাঠে কাজ করে যাবেন বলেও জানান তিনি।