কিশোরগঞ্জে ওএমএস ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিজনকে দেয়া হচ্ছে ৫ কেজি করে। কিন্তু চাল নিতে আসা মানুষদের এখনকার করোনা হুমকির সময়েও কিছুতেই নিরাপদ দূরত্ব প্রতিপালন করানো যাচ্ছে না! ৫ এপ্রিল রোববার কালেক্টরেট ভবনের নীচ তলায় নারী-পুরুষদের দুই সারিতে দাঁড়িয়ে চাল কিনতে দেখা গেছে। পুরুষের প্রায় দ্বিগুণ ছিলেন নারী ক্রেতা। কিন্তু কোন সারিতেই নিরাপদ দূরত্ব কেউ বজায় রাখেননি। গায়ে গায়ে লেগেও যেন কেউ সন্তুষ্ট নন! যেন একের ওপর দিয়ে আরেকজন আগে গিয়ে চাল নিতে ব্যকুল। এমনকি বিভিন্ন জায়গায় সাহায্য নিতে যাওয়া লোকজনও এসব নিয়ম মানতে চান না।
কিশোরগঞ্জ পৌর এলাকার শ্রমজীবী ও তৃতীয় লিঙ্গসহ কর্মহীন মানুষদের সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার চাল দেয়া হবে। তবে একজন সপ্তাহে কেবল একদিন চাল পাবেন। সবাই জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে চাল নিচ্ছেন। পৌর এলাকার কালেক্টরেট ভবন, পৌরভবন চত্বর, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, আরজত আতরজান উচ্চ বিদ্যালয় এবং কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডভিত্তিক চাল বিক্রি করা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন জানিয়েছেন, প্রথম পর্যায়ে কেবল কিশোরগঞ্জ পৌর এলাকায় ৫ জন চালের ডিলার আর ১০ জন আটার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। চালের ডিলার প্রত্যেকে দুই টন করে, আর প্রত্যেক আটার ডিলার ৫০০ কেজি করে বরাদ্দ পেয়েছেন। আটা বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি। আটাও প্রত্যেকে ৫ কেজি করে নিতে পারছেন। তবে জেলার বাকি সাত পৌরসভার জন্যও সরকারের নির্দেশনা এসেছে ওএমএস চালুর। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যত দ্রুত ডিলার নিয়োগ দেবেন, তত দ্রুত চাল ও আটা বরাদ্দ দেয়া হবে।