• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে এক বিধবার বাড়িতে হামলা, মারধর- লুটপাট, আহত-২

কুলিয়ারচরে এক বিধবার
বাড়িতে হামলা, মারধর
লুটপাট, আহত-২

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাসুরের ছেলে, দেবর ও দেবরের ছেলে কর্তৃক এক বিধবার বাড়িতে হামলা, ভাংচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১জুন) দুপুরের দিকে কুলিয়ারচর পৌর এলাকার পালোটিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
পালোটিয়া গ্রামের মুত. আমির উদ্দিন ভূইয়া’র স্ত্রী মোছা. আছমা (৪০) কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে তার স্বামী আমির উদ্দিন ভূইয়া ক্যান্সার, ডায়াবেটিস ও জন্ডিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী মারা যাওয়ার পর থেকে সম্পত্তির লোভে তার দেবর মেরাজ উদ্দিন ভূইয়া (৫২), ভাসুরের ছেলে সোহাগ ভূইয়া (৪০) ও দেবরের ছেলে শোভন ভূইয়া (১৮) তাদের অত্যচার অবিচার করে আসছে। শুক্রবার (১১জুন) দুপুরের দিকে পূর্ব আক্রোশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেরাজ উদ্দিন ভূইয়া, সোহাগ ভূইয়া ও শোভন ভূইয়া দেশীয় অস্ত্রাধী নিয়ে ওই বিধবার বাড়িতে হামলা করে বিধবা নারীকে বাড়ি থেকে বেড় করে দিয়ে বাড়িঘর দখল করে নেওয়ার চেষ্টা চালিয়ে বিধবাকে নির্মমভাবে মারধর করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে বিধবার ছেলে মো. আকাশ ভূইয়াকেও মারধর করে তারা। এছাড়া হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও জানান আছমা। বিধবার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহত বিধবা মোছা. আছমা ও ছেলে আকাশ ভূইয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আছমাকে ভর্তি করান ও আকাশকে চিকিৎসা করিয়ে নিয়ে আসেন।
আহত আকাশ ভূইয়া বলেন, ঘটনার সাথে সাথে বিষয়টি পুলিশকে অবহিত করার পর কুলিয়ারচর থানার এসআই মো. ফকরুল হাসান ফারুক ফোর্স নিয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাদের দেখে শান্তনা দিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে আহত আছমা আরো বলেন, প্রতিপক্ষ কিছুদিন আগেও তাদের একটি মুরগির ফার্ম ভেঙ্গে কতক জায়গা দখল করে নেয়। এব্যাপারে এলাকায় একাধিক সালিশ দরবার হলেও কোন সমাধান দিতে পারেনি সালিশানগণ।
হামলার ঘটনা প্রসঙ্গে এসআই মো. ফকরুল হাসান ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি। তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *