ভৈরব উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
৩ এপ্রিল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ও ভৈরব বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহ ৮১ আর্টিলারি পদাতিক ডিভিশন এর মেজর সায়মন আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এই প্রচার অভিযানে অংশ নেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে জনসমাগম স্থানগুলিসহ পৌর এলাকায় ভৈরব বাজারের বিভিন্ন গলিতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং করে সামাজিক দূরত্ব মেনে চলার প্রচারণা চালায়।
এ সময় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে ১২ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
এছাড়া জনগণকে সচেতন করার জন্য সেনাবাহিনী হেন্ডমাইক এর মাধ্যমে প্রচার অভিযান চালান। এ কাজে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।
ময়মনসিংহ ৮১ পদাতিক ডিভিশনের আর্টিলারি বিভাগের এর মেজর সায়মন আলম জানান, মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছেন না। করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আরো বেশি সচেতন হতে হবে। আর সচেতন করার জন্যই আজ এই প্রচার অভিযান চালানো হয়। মানুষ যদি সামাজিক দূরত্ব মেনে না চলে তাহলে আমরা আরো কঠোর হব।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এতো সতর্ক করার পরও কেউ নিয়ম মানছেন না। বিভিন্ন জায়গায় মানুষ এক সাথে জড়ো হয়ে ঘুরাফেরা করছেন। ব্যবসায়ীরা নিয়ম না মেনে দোকানপাট খোলা রাখছে। তাই উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া সচেতনামূলক কার্যক্রমও চালানো হয়। নিয়মিত এমন প্রচার অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এছাড়া একই দিনে উপজেলার আগানগর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহ ৮১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পের ক্যাপ্টেন ডা. তাবেইন এর নেতৃত্বে আগানগর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র চত্বরে ৪ সদস্যের মেডিকেল ক্যাম্পের একটি টিম ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এতে সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করে শতাধিক গ্রামবাসীকে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।