• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ডিজিটাল সেবায় মামলা কমবে, কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের ভার্চুয়াল সভা

ডিজিটাল সেবায় মামলা কমবে
কিশোরগঞ্জে ভূমি সেবা
সপ্তাহের ভার্চুয়াল সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৬ থেকে ১০ জুন ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ উপলক্ষে ৬ জুন রোববার বেলা পৌনে ১টা থেকে প্রায় দু’ঘণ্টার একটি ভার্চুয়াল সভা হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নূরুজ্জামানের সঞ্চালনায় সভায় আলোচনা করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনর (ভূমি)সহ বিভিন্ন অংশের প্রতিনিধিগণ সংযুক্ত ছিলেন। সভায় জানানো হয়, ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন এবং অন্যান্য সেবা প্রদানের জন্য এই সেবা সপ্তাহ পালিত হচ্ছে। ভূমি সংক্রান্ত সেবায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন পুরোপুরি সম্পন্ন হলে জমিজমা নিয়ে মামলাও অনেক কমে আসবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন তার বক্তব্যে বলেছেন, জেলায় একটি মাত্র ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল হয়েছে। একজন মাত্র জজ কাজ করেন। অথচ মামলা আছে ৫০ হাজারের মত। এর মধ্যে সরকারি জমি নিয়ে সরকারই করেছে ১০ হাজার মামলা। অনেক মামলার কার্যক্রম স্থবির হয়ে আছে। অনেক সময় বড় মামলা হলে হাজার হাজার টাকার কোর্টফি দিতে হয়। পরে পরীক্ষায় ধরা পড়ে, এর মধ্যে অনেক জাল কোর্টফি থাকে। পরবর্তীতে আবার কোর্টফি দিতে হয়। তিনি ডিজিটাল সেবা পদ্ধতির কারণে ভোগান্তি অনেক কমেছে বলে মন্তব্য করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, কিশোরগঞ্জের সামগ্রিক আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল। তবে জমিজমা নিয়ে অনেক বিরোধ থাকে, যার সূত্র ধরে বড় ধরনের আইন শৃংখলা পরিস্থিতির সৃষ্টি হয়। খুনখারাবির মত ঘটনাও ঘটে। তখন পুলিশ বিভাগকে এগুলি সামাল দিতে হয়। ফলে ভূমি সংক্রান্ত তথ্যগুলি যদি স্বচ্ছ থাকে এবং বিরোধগুলি যদি সহজ পদ্ধতিতে নিষ্পত্তি করা যায়, তাহলে জেলার আইন শৃংখলা পরিস্থিতিরও আরো উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নূরুজ্জামান বলেন, আমরা অনেকেই ভূমি সম্পর্কে অনেক কম জানি। যে কারণে অনেক মামলা হচ্ছে। আর এসব মামলার ফয়সালা এতই দীর্ঘমেয়াদী, দাদার মামলা নাতি পর্যন্ত টানতে হয়। এখন অনেক ভূমি সেবা অনলাইনে দেয়া হচ্ছে। অনলাইনে পর্চা পাওয়া যাচ্ছে, জমির খারিজের আবেদন করা যাচ্ছে। ‘৩৩৩’ অথবা ‘১৬১২২’ নম্বরে ফোন করে সেবার আবেদন করা যাচ্ছে। জমির খাজনাও অনলাইনে পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইন সেবার কারণে হয়রানি এবং অনিয়ম অনেকাংশে হ্রাস পেয়েছে, সময়ক্ষেপন কমেছে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, এখন ডিজিটাল পদ্ধিতিতে ভূমি সেবা চালু হবার কারণে মানুষের হয়রানি অনেক কমেছে। অনেক সহজে জমির খারিজসহ নানা জটিলতার নিরসন করা সম্ভব হচ্ছে। ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি পেলে এ সংক্রান্ত জটিলতা এবং বিরোধ নিষ্পত্তির পরিধিও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, জমির স্বত্ত্ব কখনও শেষ হয়ে যায় না। আদালতে ঠিকই প্রতিকার হয়। তবে দীর্ঘমেয়াদী জটিলতার ভেতর দিয়ে যেতে হয়। পাক-ভারত যুদ্ধের ফলে হিন্দু সম্প্রদায়ের যারা ভারতে চলে গেছেন, তাদের সম্পত্তি তখন সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে। পরবর্তীতে নাম দেয়া হয়েছে অর্পিত সম্পত্তি। হয়ত তিন ভাইয়ের মধ্যে এক ভাই চলে গেছেন, দুই ভাই এদেশে রয়ে গেছেন। কিন্তু পুরো সম্পত্তিই শত্রু সম্পতি করে ফেলা হয়েছে। যে কারণে অপর দুই ভাই ভোগান্তি পোহাচ্ছেন। ফলে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন করে এসব সম্পত্তি ফেরত দেয়ার ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ভূমি সেবা সহজ করা হচ্ছে। রেকর্ড রুমকে ডিজিটাল করা হয়েছে। সব রেকর্ড বা তথ্য সার্ভারে ঢুকে গেছে। এখন রেকর্ড রুম কোন কারণে ক্ষতিগ্রস্ত হলেও সমস্যা হবে না। ভূমি উন্নয়ন করও অনলাইনে দেয়া যাবে। হয়রানি বন্ধ হবে। সদরে ৩৬ হাজার ভূমির মালিক। সেখানে সীমিত স্টাফ দিয়ে কাজ করা কঠিন। সবকিছু ডিজিটাল হয়ে গেলে জনবল সঙ্কট আর মনে হবে না। তিনি জানান, অকৃষি কাজে কৃষি জমি কেনা যাবে না। সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করেছে। এর বাইরে কেউ কৃষি জমি কিনে শিল্প করতে পারবেন না। আগামীতে ভূমি খাতে সেবার পরিধি আরো সম্প্রসারিত হবে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *