• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভারতে টিকটক চক্রের ফাঁদে নির্যাতন, কিশোরগঞ্জের দরিদ্র পরিবার ফেরত চায় তাদের মেয়েকে

ভারতে পাচার হওয়া জেসমিনের মা শাহিদা আক্তার। - পূর্বকণ্ঠ

ভারতে টিকটক চক্রের ফাঁদে নির্যাতন
কিশোরগঞ্জের দরিদ্র পরিবার
ফেরত চায় তাদের মেয়েকে

# মোস্তফা কামাল :-

টিকটক চক্রের ‘শোবিজ’ স্বপ্নের প্রতারণার ফাঁদে পড়ে কিশোরগঞ্জ শহরতলির দরিদ্র পরিবারের মেয়ের ভারতের বেঙ্গালুরুতে নির্যাতনের শিকারের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। পরিবার এখন তাদের মেয়েকে ফেরত চান। অপরাধীদের উপযুক্ত শাস্তি চান।
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে মেয়েটির বাবা শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে কথা হয় মেয়ের মা শাহিদা আক্তার ও চাচা লিটন মিয়ার (৩৫) সঙ্গে। এরা জানান, তাদের মেয়ে জেসমিন (২২) স্বামীর বাড়ি চাঁদপুরে থাকতো। কবে কিভাবে কারা তাকে ভারতে নিয়ে গেল, এ ব্যাপারে তারা কিছুই জানতেন না। গত ২৭ মে বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বাবা শাহজাহানকে পুলিশ গিয়ে মোবাইলে ভিডিও চিত্র দেখালে নিশ্চিত হওয়া যায়, তাদের মেয়ে টিকটক চক্রের ফাঁদে পড়ে ভারতে পাচার হয়ে গেছে। এদিনই বাবা শাহজাহানকে বাদী করে পুলিশ হাতিরঝিল থানায় মামলা করিয়েছে।
শাহজাহান মিয়া রাজধানীর মগবাজার এলাকায় একটি বস্তির মত ছোট্ট ঘর ভাড়া করে স্ত্রী শাহিদা, বড় সন্তান লিটন (২৫), মেয়ে জেসমিন (২২) এবং শান্তাকে (১১) নিয়ে বসবাস করতেন এবং ফুটপাতে শরবত বিক্রি করতেন। এখনও বিক্রি করেন। ছেলে লিটন ঢাকায় রিকশা চালায়। চাচা লিটন মিয়াও সেখানে শরবতের ব্যবসা করতেন। করোনা মহামারির কারণে এক বছর আগে ছোট মেয়ে শান্তাকে নিয়ে শাহিদা এবং লিটন মিয়া কিশোরগঞ্জে চলে এসেছেন।
তারা জানান, শাহজাহানের বড় মেয়ে জেসমিনের সঙ্গে চাঁদপুরের দিদার হোসেন নামে প্রাইভেট কার চালকের প্রায় ৭ বছর আগে বিয়ে হয়েছে। দিদারও মগবাজার এলাকায় থাকতেন। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তাদের দিয়া আক্তার মনি নামে ৪ বছরের একটি মেয়ে রয়েছে। কিন্তু প্রায় ৪ বছর আগে দিদার চাকরি নিয়ে বিদেশে চলে গেছেন। তবে কোন দেশে গেছেন, তা এরা জানেন না। প্রথম কিছুদিন জেসমিন স্বামীর পাঠানো টাকায় মগবাজারেই বাসা ভাড়া নিয়ে থাকতো। এক পর্যায়ে জেসমিন স্বামীর বাড়ি চাঁদপুরে চলে যায়। কিন্তু গত এক বছর জেসমিনের সঙ্গে বাবার পরিবারের কোন যোগাযোগ হয়নি। জেসমিনের বাবা এবং চাচার মোবাইল ফোন থাকলেও কেন যোগাযোগ হয়নি, তার কোন সদুত্তর তারা দিতে পারেননি। এমনকি জেসমিনের শ্বশুর বাড়ির কারও ফোন নম্বরও তাদের কাছে নেই বলে জানান। তারা বলেন, ‘টিকটক’ কি জিনিস, এ সম্পর্কে তাদের কোন ধারণাই নেই, কখনও নামও শোনেননি। মেয়ে পাচার হবার পর তারা পুলিশের মাধ্যমে এবং টেলিভিশনে ঘটনা জানতে পারছেন। মেয়ের মধ্যে কি করে নায়িকা হবার বাসনা তৈরি হলো, কিভাবে চক্রটি ফাঁদে ফেললো, এটাও তারা বুঝতে পারছেন না। তবে তারা মেয়েকে দ্রুত ফেরত চান এবং যারা তাকে ফাঁদে ফেলেছে, তাদের উপযুক্ত শাস্তি চান। অবশ্য ইতোমধ্যে ভারতে রিফাতুল ইসলাম উরফে ‘টিকটক হৃদয়’ (২৬) এবং সাগর নামে দুই মানব পাচারকারী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
হাতিরঝিল থানায় শাহজাহানের দায়ের করা মামলার এজাহারে দেখা গেছে, মামলাটি (নং ৪৮) মানব পাচার দমন আইন ২০১২ এর ৭/৮ সহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩) ধারায় দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে ভারতে আটক হৃদয়কে। হৃদয় মগবাজারের ৫২৭/নয়াটোলা এলাকার আবুল হোসেন ও মিনু আক্তারের ছেলে। এজাহারে উল্লেখ আছে, বছরখানেক আগে মেয়ে জেসমিন বাবাকে দুবাই যাবার কথা বলেছিল। জিজ্ঞেস করলে মগবাজারের বন্ধু হৃদয়ের মাধ্যমে যাবে বলে জেসমিন জানিয়েছিল। এরপর থেকেই জেসমিনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন আগে একজন একটি ভিডিও দেখালে তাতে জেসমিনের ওপর হৃদয়সহ কয়েকজনের দ্বারা যৌন ও শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা যায়।
এদিকে রাজধানীর হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদের কাছে মোবাইল ফোনে জেসমিনের বাবা শাহজাহানের মামলার বিষয়ে প্রশ্ন করলে জানান, মামলাটি মানব পাচার ও পর্ণোগ্রাফি আইনে দায়ের করা হয়েছে। তবে এ মামলায় এখনও ঢাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবশ্য ভারতীয় পুলিশ এবং ইন্টারপোলের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ হচ্ছে বলে ওসি আব্দুর রশিদ এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *