কিশোরগঞ্জ পৌর এলাকায় মশক ও জীবানুনাশক ওষুধ ছিটানো শুরু হয়েছে। চলছে পরিচ্ছন্নতা কার্যক্রমও। পৌরসভার কর্মিরা স্প্রে মেশিন নিয়ে প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় গিয়ে ওষুধ ছিটাচ্ছেন। আবার ট্রাকে ট্যাঙ্কিতে করে অনেকগুলো শাওয়ারের মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়কেও তরল জীনানুনাশক ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মিরাও প্রতিদিন ময়লা আবর্জনা পরিস্কার করার কাজে নিয়োজিত রয়েছেন। নর্দমার ময়লাও পরিষ্কার করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরুনোর নির্দেশনা দেওয়ায় এক ধরনের ‘কোয়ারেন্টিন’ পরিস্থিতি বিরাজ করছে। ফলে পরিচ্ছন্নতা কর্মির সংখ্যাও আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম কিছুটা ব্যাহত হওয়ার কারণে নর্দমাগুলো এখন ময়লা আবর্জনায় বোঝাই হয়ে আছে। দ্রুত পরিষ্কার না করলে এরকম অবস্থায় একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পৌরবাসীর আশঙ্কা।