দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভৈরবে এক প্রতিবাদ সভা হয়েছে। স্থানীয় দৈনিক পূর্বকণ্ঠ কার্যালয়ে ভৈরব সাংবাদিক সমাজের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক কালেরকণ্ঠ ও বৈশাখী টিভি ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক ভোরের ডাক ও গাজী টিভি ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, চ্যানেল এস ও দৈনিক ডাক ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, সাংবাদিক এম.আর রুবেল, সাপ্তাহিক অবলম্বন নির্বাহী সম্পাদক শামীম আহমেদ, আরটিভি ও আলোকিত বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মো. আল আমিন টিটু, মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদ ভৈরব প্রতিনিধি মো. জামাল উদ্দিন, এশিয়ান টেলিভিশন ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ, মাইটিভি ভৈরব প্রতিনিধি মো. শাহনুর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব শাখা সভাপতি মো. ছাবির উদ্দিন রাজু, দৈনিক অধিকার ও সময়ের দৃশ্যপট পত্রিকার নির্বাহী সম্পাদক নাজির আলামিন, দৈনিক গণমানুষের আওয়াজ ভৈরব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ওয়াসিম, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু, দৈনিক খোলা কাগজ ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তুর্জা, সাংবাদিক জুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। একজন পেশাদার সাংবাদিকের সাথে এমন আচরণ করার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে-যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে।
অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি দিতে হবে। অন্যতায় ভৈরব সাংবাদিক সমাজের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা আরো বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক। এছাড়া রোজিনা ইসলামকে ‘আটক ও হেনস্তা করার ঘটনার’ তীব্র নিন্দা জানান।