• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ থেকে বাস যাচ্ছে জেলার বাইরে স্বাস্থ্যবিধির বালাই নেই ভাড়াও নিচ্ছে বেশি

কিশোরগঞ্জ থেকে বাস
যাচ্ছে জেলার বাইরে
স্বাস্থ্যবিধির বালাই নেই
ভাড়াও নিচ্ছে বেশি

# মোস্তফা কামাল :-

স্ব স্ব অবস্থানে ঈদ করার সরকারের আহবানকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ করোনা আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন পরিবহনে চড়ে পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটে এসেছিলেন। এখন তাদের ফেরার পালা। ফেরার ক্ষেত্রেও নিয়ম মানা হচ্ছে না। গণপরিবহনের যাত্রী থেকে শ্রমিক, স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশই। এমনকি সরকারের কঠোর নির্দেশনা ছিল যেন কোন গণপরিবহন নিজ জেলার বাইরে না যায়। সেই নির্দেশনাও উপেক্ষিত।
আজ ১৭ মে সোমবার শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সারি সারি বাস দাঁড়িয়ে আছে রাজধানীর যাত্রী পরিবহনের আশায়। যাত্রী আর বাস শ্রমিকদের প্রায় ৮০ ভাগেরই কোন মাস্ক পর্যন্ত নেই. বাসের ভেতরকার অন্যান্য স্বাস্থ্যবিধি তো দূরে থাক। কিশোরগঞ্জ থেকে দু’টি রুটে রাজধানীতে বাস যায়। একটি কিশোরগঞ্জ-ঢাকা ভায়া গাজীপুর, অন্যটি কিশোরগঞ্জ-ঢাকা ভায়া নরসিংদী। দুই রুটের বাসেই যাত্রী তোলা হচ্ছে। রাজধানী পর্যন্ত যাওয়া সম্ভব নয় বলে একটি রুটের বাস যাচ্ছে গাজীপুর পর্যন্ত, আর অন্য রুটের বাস যাচ্ছে নরসিংদীর গাউছিয়া পর্যন্ত। অর্থাৎ নিজ জেলা অতিক্রম করে অন্য জেলায়। ভাড়াও নেওয়া হচ্ছে ২শ’র জায়াগায় ৩শ’ টাকা, আর ৩শ’র জায়গায় ৪শ’ টাকা।
জেলার বাইরে গণপরিবহন চলার বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে অবহিত করলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। অন্যদিকে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তার মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন। তার সঙ্গে কথা বলার জন্য বার বার চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *