শুক্রবার উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। এবার করোনা মহামারির কারণে সরকার স্ব স্ব অবস্থানে ঈদ উদযাপনের নির্দেশনা জারি করলেও কেউ তা মানেনি। যে যেভাবে পেরেছে তিনগুণ চারগণ টাকা খরচ করে রাজধানীসহ দূরদুরান্ত থেকে পরিবারের কাছে ছুটে এসেছে। আর এই করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচলে বিধিনিষেধের ঘোষণা থাকায় ঈদশেষে বিনোদনপ্রেমী মানুষজন দূরবর্তী কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারছে না। যে কারণে যার যার এলাকায় যেটুকু বিনোদনের স্পট রয়েছে, সেখানেই মানুষ যেন হামলে পড়ছে। স্বাস্থ্যবিধির কেউ ধারই ধারছে না।
কিশোরগঞ্জ শহরের একটি অন্যতম বিনোদন স্পট হয়ে দাঁড়িয়েছে সরকারী গুরুদয়াল কলেজ সংলগ্ন নরসুন্দা পাড়ের মুক্তমঞ্চ এলাকা। সেখানে রয়েছে নদীর ওপর গোলাকার মুক্তমঞ্চ, রয়েছে সুউঁচ্চ টাওয়ার, রয়েছে নদী তীরবর্তী বেশ কিছু আরসিসি সিঁড়ি, রয়েছে সার্কুলার এবং সর্পিল ওয়াকওয়ে আর নদীর ওপর রয়েছে ফুটব্রিজ। এখানে বসেছে চটপটি, ঝালমুড়ি, চা-কফি আর আইসক্রিমের দোকান। রয়েছে নাগরদোলা। বসেছে শিশুদের খেলনার দোকানও। দুপুরের পর থেকে এই এলাকায় যেন জনস্রোত ধেয়ে যায়। মুক্তমঞ্চ এলাকা বিকালে হয়ে ওঠে বিশাল এক জনসমুদ্র। কিশোরগঞ্জ শহরতলিতে নেহাল পার্ক এবং উবাই পার্ক নামে দু’টি বিনোদন পার্ক থাকলেও করোনার কারণে সেগুলি এখন বন্ধ। ফলে মানুষের ঘর ছেড়ে বেরিয়ে একটু আনন্দ করার জন্য ছুটে যাচ্ছে মুক্তমঞ্চ এলাকায়। আবার অনেকে হাওরের কিছু এলাকায়ও যাচ্ছে। সেখানেও মানুষের ঢল নামছে। এই মধ্যে ঈদের পরদিন মিঠামইনে কয়েক বন্ধু কৌতুহলবশে নদীতে সাঁতার কাটতে গিয়ে করিমগঞ্জের এক যুবকের সলিল সমাধি হয়েছে। ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকাও একইভাবে হাজার হাজার মানুষের পদভাবে মুখরিত। সেখানেও কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। তবে বেপরোয়া ভিড়ের কারণে এই আনন্দ শেষে নিরানন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন।