কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি অনেকটা অবিশ্বাস্য দ্রুততার সঙ্গেই উন্নতির দিকে যাচ্ছে। প্রায় এক মাসের ব্যবধানে একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা অর্ধেকেরও নীচে নেমে এসেছে। গত ১২ এপ্রিল জেলায় চিকিৎসাধীন রোগি ছিলেন ৪০৩ জন। আর আজ ১৬ মে রোববার ২০ জন সুস্থ হওয়ার মধ্য দিয়ে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা নেমে এসেছে ১৯৩ জনে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে অথবা অন্য কোন স্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড এন্টিজেন ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। তবে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০৭টি নমুনা। অর্থাৎ আজ জেলায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে আজ সুস্থ হয়েছেন সদরে ১০ জন, বাজিতপুরে ৬ জন, কটিয়াদীতে ৩ জন আর কুলিয়ারচরে একজন। গতকাল শনিবার জেলায় চিকিৎসাধীন রোগি ছিলেন ২১৩ জন। ফলে আজ ২০ জন সুস্থ হওয়ার মধ্য দিয়ে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা নেমে এসেছে ১৯৩ জনে। আর গতকাল ইটনা উপজেলার ৪ জন রোগি সুস্থ হওয়ার মধ্য দিয়ে ইটনা করোনামুক্ত হয়েছে।