কিশোরগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর ও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খন্দকার শাহজাহান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ১৬ মে রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মরদেহ বেলা সাড়ে ১২টার দিকে আদালত প্রাঙ্গনে নিয়ে গেলে সমিতির নেতৃবৃন্দসহ সতীর্থ আইনজীবীগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তর মৃত্যুতে জেলা বারের সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আজ বাদ মাগরেব শহরের গাইটাল মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এলাকার গোরস্থানে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।