ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহণ করার অপরাধে ১৩টি বাস আটক করে চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাইওয়ে থানা পুলিশ। ১০ মে সোমবার ও আজ ১১ মে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড ও নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকা থেকে এসব বাস আটক করা হয় বলে জানায় পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আন্তঃজেলা পরিবহণের নাভা পরিবহণ, বিশাল পরিবহণ, রিমা পরিবহণ, শুভযাত্রা পরিবহণ, যমুনা পরিবহণ, গোলাপ পরিবহণ ও জিহাদ পরিবহণের যাত্রীবাহী বাসগুলি সিলেট, হবিগঞ্জ ও ভৈরব থেকে যাত্রী বহণ করে ঢাকার দিকে যাওয়ার পথে অভিযান চালিয়ে আটক করা হয়। বাসগুলির মধ্যে আজ ১১ মে মঙ্গলবার ৫টি ও ১০ মে সোমবার ৮টিসহ মোট ১৩টি বাস আটক করা হয়। এসব বাস ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।
তিনি বলেন “করোনা ভাইরাসের কারনে সারাদেশে সরকার লকডাউন ঘোষনা করে। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস জেলার ভেতরে চলাচলের অনুমতি দিলেও দূর পাল্লার বাসগুলি বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল। এসব বাস আন্তঃজেলা পরিবহণে চলাচল করে প্রমান মিলেছে। আটককৃত বাস চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে প্রতিদিন এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।