করোনায় ভৈরবের আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ বছরের এক যুবক আজ ৯ মে রোববার রাত ২টার দিকে মারা গেছেন। এ নিয়ে ভৈরবের ২১ জনের মৃত্যু হলো। আর জেলায় মারা গেছেন মোট ৮২ জন। কিশোরগঞ্জে আজ নতুন শনাক্ত হয়েছে ১৩ জন, আর সুস্থ হয়েছেন ২৭ জন। জেলায় সুস্থতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১২ এপ্রিল জেলায় একদিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৩৮ জনে উঠে গিয়েছিল। ক্রমাগত সুস্থতা বাড়তে বাড়তে আজ চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ২৬২ জনে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৩টি আর পুরনো ৮ রোগীর নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৩টি নমুনা। বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের পরীক্ষায় ৬৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। অন্যদিকে জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া, নিকলী, বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি নমুনাই র্যাপিড এন্টিজেন পরীক্ষায় নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদর ও ভৈরবে ৪ জন করে, কটিয়াদী ও নিকলীতে ২ জন করে, আর পাকুন্দিয়ায় একজন। আর সুস্থ হয়েছেন সদরে ১২ জন, বাজিতপুরে ৮ জন, নিকলীতে ৪ জন, আর ভৈরবে ৩ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ২৬২ জন।