ভৈরবে আরফা ফুড প্রডাক্টস ও সিয়াম ফুড প্রডাক্টস নামের দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ মে শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ভৈরব উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রুহুল আমিন ও পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর নাসিমা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, ৮ মে শনিবার বিকালে শহরের কমলপুর নিউ টাউন এলাকার আরফা ফুড প্রডাক্টস নামের একটি সেমাই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে কারখানাটির মালিক মাহবুবা ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই এলাকার সিয়াম ফুড প্রডাক্টস নামের অপর একটি কারখানায় দেশের নামকরা কোম্পানীর লেভেল ও প্যাকেট ব্যাবহার করে নকল এবং ভেজাল শিশুখাদ্য তৈরি করার অপরাধে মালিক রিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, অস্বাস্থ্য ও নোংরা পরিবেশ এবং ভেজাল-নকল পণ্য উৎপাদন করার অপরাধে কারখানা দুটিকে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য সুনিশ্চিত করতে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।