কিশোরগঞ্জের সর্বত্র শত শত অননুমোদিত ট্রাক্টর চলাচল করছে। এগুলি কৃষি কাজের জন্য অনুমোদিত হলেও শহর হোক আর হাইওয়ে হোক, সর্বত্রই যেন এদের রাজত্ব। নিবন্ধনহীন ট্রাক্টর আর ড্রাইভিং লাইসেন্সহীন চালক, দুইই অবৈধ এবং বিপজ্জনক। প্রায়ই এরা মানুষ মারছে। একেকটি পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এমন নজিরও পাওয়া যায় না। গত ২০ এপ্রিল সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের কাছে ট্রাক্টর চাপায় শহরের ধানসিঁড়ি হোটেলের মালিক রাজিব মারা গেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র অভিভাবক। তাকে হারিয়ে পরিবার এখন দিশেহারা। রাজিবের মৃত্যু নিয়ে বেশ আলোড়নও হয়েছে। এরকম আরও বহু হতাহাতের ঘটনা রয়েছে। অথচ দিন দিনই যেন ট্রাক্টর চালকরা নির্বিকার এবং বেপরোয়া হয়ে উঠছেন। এমনকি ১৫-১৬ বছরের বালকদেরও ট্রাক্টরের চালকের আসনে দেখা যায়!
আজ ৯ মে সকালে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার এলাকায় দেখা গেছে, এক ট্রাক্টর চালক ট্রাক্টরে ইট বোঝাই দিয়ে দ্রুত গতিতে যাচ্ছেন আর মোবাইল ফোনে কথা বলছেন। একে তো তাদের কোন ড্রইভিং লাইসেন্স এবং প্রশিক্ষণ নেই, তার ওপর চলন্ত ট্রাক্টরের চালকের আসনে বসে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছেন! এভাবেই যে কোন সময় বড় অঘটন ঘটে যেতে পারে। ট্রাক্টরের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ জনগনের বহুদিনের দাবি হলেও এর কোন সুরাহা হচ্ছে না।