ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় নিহতদের পক্ষে দায়ের করা দুই মামলার পর এবার বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটসহ শ্লীলতাহানীর অভিযোগে প্রতিপক্ষের লোকজন তিনটি মামলা দায়ের করেছেন।
তিন শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করাসহ নারীদের শ্লীলতাহানীর দায়ে এ তিন মামলায় ৪৩৫ জনের নাম এজাহারভুক্তসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
গত ২৭ ও ২৮ এপ্রিল ক্ষতিগ্রস্ত লোকজনের পক্ষে মোবারক মিয়া, আক্তার মিয়া ও আওয়াল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় মামলা তিনটি দায়ের করেন। ফলে ১৭ই এপ্রিল সংঘটিত সংঘর্ষের ঘটনায় মোট পাঁচ মামলায় ওই দুই গ্রামের ৭ শতাধিক লোক আসামি হলেন।
জানাযায়, গত ১৭ এপ্রিল শনিবার ধান মাড়াইকে কেন্দ্র করে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে শেখ বাড়ি ও শিকদার বাড়ির লোকজনের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হন। গুরুতর আহত পাভেল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়তার সূত্রে খলাপাড়া গ্রামের শেখ বাড়ির লোকজন হামলা চালায় পাগলা বাড়ির লোকজনের উপর। পরে এই সংঘর্ষ পুরো দুই গ্রামে ছড়িয়ে পড়ে। এতে বিবদমান বংশগুলির শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত মকবুল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পরদিন নিহত মকবুলের ভাই আক্কাছ মিয়া ও নিহত শেখ পাভেলের ভাই শেখ উজ্জ্বল বাদী হয়ে আড়াইশ লোককে আসামি করে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
সংঘর্ষ এবং মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে পাগলা বাড়ি ও শিকদার বাড়িসহ তাদের সমর্থক বংশের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। এ ফাঁকে প্রতিপক্ষের লোকজন তাদের তিন শতাধিক বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। মধ্যযোগীয় কায়দায় চালানো এইসব ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাড়িগুলির সমস্ত মালামাল ও আসবাবপত্রসহ কাাঁচা-পাকা বাড়ির ঘর-দরজা ভেঙ্গে নিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানীরও অভিযোগ করা হয় মামলায়। তবে এই পাঁচ মামলায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। জোড়া খুনের মামলা দুটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।