চলমান করোনা মহামারির কারণে কর্মহীন মানুষদের মাঝে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল।
বক্তাগণ এই করোনা মহামারির সময় কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কেবল জেলা সদরে নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে জেলার ১৩টি উপজেলাতেও একইভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বক্তাগণ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের ঘোষিত নিয়ম অনুসারে জীবিকার কাজ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। সেই সঙ্গে কেউ খাদ্য সঙ্কটে থাকলে ‘৩৩৩’ মোবাইল নম্বরে ফোন করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন। তবে ফোন পেয়ে বিষয়টি যথাযথ যাচাই করা হবে। কাজেই কেউ যেন অহেতুক ফোন না করেন, সে ব্যাপারেও তিনি সবাইকে সচেতন করে দেন।
সবাই খাদ্য সামগ্রী নিয়ে স্টেডিয়াম থেকে বের হচ্ছে। -পূর্বকণ্ঠ
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ প্রমুখ। এরপর রবিদাস সম্প্রদায়, নরসুন্দর ও গৃহকর্মীসহ মোট ১৫০ জনের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার হিসেবে চাল, ডাল তেল, লবন, আলু ও মিষ্টি কুমড়া তুলে দেয়া হয়। গতকাল বুধবার জেলা প্রশাসক সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যশোদল এবং উপজেলা কমপ্লেক্সেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।