কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলা করে তার স্ত্রীকে নির্মমভাবে নির্যাতনসহ মারধোর ও শ্লীলতাহানি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বাজরা মাসিমপুর গ্রামের দুবাই প্রবাসী মো. মমিন ভূইয়া (৪৫) প্রবাস থেকে মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, প্রবাসে থাকার সুযোগে খালী বাড়ি পেয়ে তার স্ত্রী মোছা. শিউলি আক্তার (৩১) কে পার্শ্ববর্তী বাড়ির ফেরুজ ভূইয়ার পুত্র মো. খাইরুল ভূইয়া (৪০) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২৩ এপ্রিল শুক্রবার ওই প্রবাসীর ১০ বছরের শিশু ছেলে মো. ছাব্বির ভূইয়াকে আম চুরির অপবাদ দিয়ে মারধোর করে খাইরুল। এ ঘটনার পর থেকে খাইরুলের সাথে শিউলি আক্তারের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে ২৬ এপ্রিল সোমবার বিকাল ৪টার দিকে খাইরুল ভূইয়া অসৎ উদ্দেশ্যে অতর্কিতভাবে ওই প্রবাসীর বসত ঘরে প্রবেশ করে প্রবাসীর রোজাদার স্ত্রী মোছা. শিউলী আক্তার (৩১) কে বাড়িতে একা পেয়ে তার দুই শিশু সন্তানের সামনে হাতে ধরে টানা হেছরা করে। এতে শিউলি আক্তার টান দিয়ে হাত সরিয়ে নিলে খাইরুল ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ নির্মমভাবে নির্যাতন ও মারধোর করে শ্লীলতাহানি করে। খবর পেয়ে খাইরুলের ভাবী রুমা আক্তার ও ভাইয়ের শ্বাশুড়ি সাজু আক্তার ওই প্রবাসীর বাড়িতে এসে তারাও শিউলি আক্তারকে মারধোর করে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, একটি দামী মোবাইল সেট ও শিউলী আক্তারের গলায় থাকা প্রায় দেড় ভড়ি ওজনের স্বর্ণের হার ও দু’কানে থাকা আধা ভড়ি ওজনের কানের দুল লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় শিউলী আক্তারকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।