কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব করোনার হটস্পট। করোনার প্রকোপতা বৃদ্ধি পেলে গত বছরের ১৭ মার্চ ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টারকে করোনার আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়। আইসোলেশন সেন্টারটি ১ বছরেরও বেশি সময় পার করলেও এখানে কোভিড সংক্রান্ত কোন চিকিৎসা সামগ্রী নেই বললেই চলে। নানান সীমাবদ্ধতার মধ্যে দিয়ে চলছে করোনার এই আইসোলেশন সেন্টার। এখানে অক্সিজেন সিলিন্ডারের সুবিধা ছাড়া আর কোন সুবিধা নেই। সাবেক স্বাস্থ্য সচিব আবদুল মান্নান দুইবার সেন্টারটি পরির্দশন করলেও মেলেনি কোভিড সংক্রান্ত কোন চিকিৎসা সরঞ্জামাদি। তাছাড়া এই আইসোলেশন সেন্টারটিতেই করোনার উপসর্গধারীদের নমুনা সংগ্রহ করা হয় এবং করোনার প্রতিষেধক টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। জনবল ও আর্থিক বরাদ্দ ছাড়া আইসোলেশন সেন্টারটি শেষ পর্যন্ত কত দিন চালিয়ে নেওয়া যাবে তা নিয়ে শংকা দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, কিশোরগঞ্জর জেলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৬১১ জন নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ৪ হাজার ৪৩৮ জনের। সংক্রমণ হার ৯ দশমিক ৭১ শতাংশ। ভৈরবে ৬ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা থেকে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ৪৬ জন। শনাক্তের হার ১৭ শতাংশ। জেলায় মৃত্যুর সংখ্যা ৭৫। এর মধ্যে ভৈরবের ১৮ জন। জেলার ১৩ উপজেলার মধ্যে শুরু থেকেই ভৈরব স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্তমানে উপজেলাটিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর মার্চের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ১০ একর জায়গার মধ্যে স্থাপিত হয় ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টার। গত বছর করোনার প্রকোপ বৃদ্ধি পেলে এটিকে করোনার রোগীর আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। একবছর পেরিয়ে গেলেও এখন পযর্ন্ত জনবল পাওয়া যায়নি। ট্রমা হাসপাতালের জনবল পেলে আইসোলেশন সেন্টারটি ভালভাবে চলতো বলে সংশ্লিষ্টদের দাবি। সেন্টারটিতে উপজেলা প্রশাসনের সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্থাপনের কথা থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি। আইসোলেশন সেন্টারটিতে একসাথে ১৮ জন রোগীকে আইসোলেটেড রাখা যায়। রোগীর অবস্থা অবনতি হলে পাঠিয়ে দেয়া হয় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল অথবা ঢাকায়।
ভৈরবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পরিবারের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে জানান, আমার বাবাকে সময় মতো যদি ভৈরবে চিকিৎসা দেয়া যেত, তাহলে হয়তো বাবা বেঁচে যেতেন। কিন্তু কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে যেতে হবে শুনেই বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং রাস্তায় মারা যান। এমন ক্ষোভের কথা জানালেন অনেকে। করোনার হটস্পট হওয়া স্বত্ত্বেও এক বছরেরও বেশি সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের সুদৃষ্টি পড়েনি ভৈরবে।
করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাজেট দিয়ে আইসোলেশন সেন্টারটি পরিচালিত হচ্ছে। জনবল সংকটসহ নানাবিধ সমস্যা দূরীকরণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে ট্রমা হাসপাতালের জনবল অত্যন্ত প্রয়োজন। যা এখনো পাওয়া যায়নি।
ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, একটি দাতা সংস্থার অর্থায়নে আইসোলেশন সেন্টারটিতে সেন্টাল অক্সিজেন সরবরাহের সুযোগ তৈরি হয়েছে। আইসোলেশন সেন্টারের নানাবিধ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।