• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সংঘর্ষে দুইজন নিহত, গ্রেফতার এড়াতে এলাকা পুরুষ শূন্য বোরো ধান ঘরে তোলা নিয়ে সংশয়

ভৈরবে সংঘর্ষে দুইজন নিহত
গ্রেফতার এড়াতে এলাকা পুরুষ শূন্য
বোরো ধান ঘরে তোলা নিয়ে সংশয়

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া-খলাপাড়া গ্রামে ধান মাড়াই করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার এড়াতে পুরুষশূন্য দুই গ্রামে মধ্যযোগীয় কায়দায় বাড়ি-ঘর, ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ শেখবাড়ি ও তাদের সমর্থিত লোকজন। এতে কয়েক কোটি টাকার সম্পদ বিনষ্টসহ আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েকশত পরিবার।
এদিকে পরিবারের পুরুষ সদস্যরা গ্রেফতার আতঙ্ককে পালিয়ে বেড়ানোর কারণে চলতি মৌসুমের প্রায় দুই হাজার হেক্টর জমির পাকা বোরোধান মাঠে মাঠে পড়ে থাকলেও কেটে ঘরে তোলা যাচ্ছে না। ফলে এক ফসলি এই জমির ধানে সারা বছর তাদের খাদ্যের যোগান হলেও, যেনো কিছুই করার নেই তাদের। তাই ধান কেটে ঘরে তুলতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ভোক্তভোগী পরিবারের সদস্যরা।
গত ১৭ এপ্রিল শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের শেখবাড়ি আর শিকদার বাড়ির লোকজনের মাঝে ধান মাড়াই করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে শেখবাড়ির মকবুল শেখ নামে একজন নিহতসহ উভয় পক্ষের ১৫/২০ জন আহত হয়।
এই খবর খলাপাড়া গ্রামে পৌঁছলে বংশীয় সূত্রে খলাপাড়ার শেখবাড়ির লোকজন স্থানীয় পাগলাবাড়িতে হামলায় চলায়। এই ঘটনায় ফের শেখবাড়ির পাভেল শেখ নামের অপর একজন নিহত হয়। আহত হয় উভয় বংশের অর্ধশত নারী-পুরুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রেফতার এড়াতে শিকদারবাড়ি ও পাগলাবাড়ির লোকজন বাড়িতে থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়।
এ ফাঁকে শেখবাড়ির লোকজনসহ তাদের পাশের এলাকার আত্মীয়-স্বজন শিকদারবাড়ি ও পাগলাবাড়িসহ তাদের স্বজনদের বাড়ি-ঘরে মধ্যযোগীয় কায়দায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এতে করে হামলার শিকার কয়েকশ বাড়ি-ঘর প্রায় ধ্বংস্তুপে পরিণত হয়। সহায়, সম্বল, ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায় ওইসব পরিবারের সদস্যরা।
পরবর্তীতে দুই সংঘর্ষে জোড়া হত্যার ঘটনায় শিকদার ও পাগলা বাড়ির আড়াইশজনকে আসামি করে থানায় দুটি মামলা করে প্রতিপক্ষ শেখ বাড়ির লোকজন।
মকবুল শেখ হত্যার ঘটনায় তার ভাই আক্কাছ শেখ বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি এবং পাভেল শেখ হত্যার ঘটনায় তার ভাই শেখ উজ্জল বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে অপর মামলাটি করা হয়। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়ে ২০/২৫ জনকে। আড়াইশ লোকের বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রাম দুটিতে বসবাস করা প্রতিপক্ষের বাড়িগুলি পুরুষশূন্য হয়ে যায়।
পুরুষ শূন্য হয়ে পড়ায় চলতি মৌসুমের পাকা বোরোধান ঘরে উঠানো নিয়ে দেখা দিয়েছে সংশয়। মাঠে মাঠে প্রায় দুই হাজার হেক্টর জমির ধান পেকে থাকলেও কাটা যাচ্ছে না। ঝড়-বৃষ্টির দিন শুরু এবং উজান থেকে নেমে আসা পানির ঢলের আগে এইসব ধান ঘরে তুলতে না পারলে সারা বছরের খাদ্য সংকটে পড়বে পরিবারগুলি। কারণ চরাঞ্চলের এই জমিতে একটি মাত্র ফসল জন্মে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতায় পাকাধান ঘরে তোলার দাবি জানিয়েছন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, যাদেরকে মামলার আসামি করা হয়েছে তারা বাদে অন্যেরা ধান কাটতে আসলে কোন সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েও বাড়িতে ফিরে ধান কাটতে পারবেন। তারপরও আমরা বিশেষভাবে নজর রাখবো যেন কৃষকরা তাদের ধান কেটে ঘরে তুলতে পারেন।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, আমি এলাকা পরিদর্শন করেছি। সবার সাথে কথা হয়েছে। ধান কাটা নিয়ে কোন সমস্যা হবে না। প্রয়োজনে স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে কৃষকদের ঘরে পৌঁছে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *